লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশায় উঠে শিক্ষিকা লক্ষ্মীরানী নাথকে মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনার প্রতিবাদে চন্দ্রগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। তাঁরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষিকার ওপর এমন বর্বরোচিত হামলা ও ছিনতাইয়ের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। চন্দ্রগঞ্জ থানা থেকে অল্প দূরত্বে এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে যদি একজন শিক্ষিকাও নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
বক্তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে চন্দ্রগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশি টহল বৃদ্ধি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং ছিনতাই প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
উল্লেখ্য, বুধবার (১১ নভেম্বর) বিকেলে চন্দ্রগঞ্জের আফজাল রোড এলাকায় যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লক্ষ্মীরানী নাথকে মারধর করে তাঁর কানের ও গলার স্বর্ণালংকার এবং নগদ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে আহত অবস্থায় সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মানববন্ধন থেকে শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সবাই।






