সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর এবং আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
দিনাজপুর জেলার সদর থানার স্বরসতিপুর এবং ফুলবাড়ী থানাধীন জঙ্গলপাড়া নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি কর্তৃক ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5) এবং আমড়া বিওপি কর্তৃক ৩৩৪ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ* জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৩০,১০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার একশত) টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ ।







