, ,

হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

আনন্দঘন ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) বিদ্যালয়ের হল রুমে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রিপন দাস, চয়নিকা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার আল আমিন সরকার, ছয়বাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং অত্র বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ। এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মারুফ সিকদার বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, “সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে। এই বিদ্যালয়ের সুনাম তোমরাই বিশ্বের দরবারে ছড়িয়ে দেবে।” পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
বিশেষ অতিথিদের বক্তব্যে ছয়বাড়িয়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ শিক্ষার্থীদের নৈতিকতা ও অধ্যবসায়ের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা পর্ব শেষে বিদায়ী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। সবশেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।