আকস্মিকভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববারের এ পরিদর্শনে দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারের (সেকমো) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) সতর্কতামূলক (ওয়ার্নিং) চিঠি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সকাল সাড়ে ১০টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী। আকস্মিক এ পরিদর্শনে হাসপাতাল কর্তৃপক্ষ অপ্রস্তুত হয়ে পড়ে। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ ছুটিতে ছিলেন।
পরিদর্শনকালে শামসুন্নাহার নামে কুকুরের কামড়ে আহত এক রোগী অভিযোগ করেন, হাসপাতালে ভ্যাকসিন মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত সেকমো হেদায়েতুল ইসলাম চৌধুরী তাকে বাইরে থেকে কুকুরের কামড়ের ভ্যাকসিন কিনতে বাধ্য করেন। পরে তিনি ১ হাজার ৩০ টাকা ব্যয়ে বাইরে থেকে ভ্যাকসিন কিনে চিকিৎসা নেন।
অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফোন করে অভিযুক্ত সেকমোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রথমে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হলেও পরে অভিযোগকারী রোগীকে ১ হাজার ৩০ টাকা ফেরত দেওয়ার মৌখিক নির্দেশ দেন। টাকা পরিশোধ করা হলে সাময়িক বরখাস্ত না করার কথাও জানান তিনি।
এ ছাড়া হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা. জিল্লুর রহমানকে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়ে ওয়ার্নিং লেটার দেওয়ার নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদুর রহমান আকন্দ বলেন, মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে জানা ছিল না। তিনি আদালতে সাক্ষ্য দিতে বগুড়ায় গিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে ফিরে আসেন। তার ভাষ্য, ঘটনাটি অফিস সময় শেষে ঘটেছিল। তাই দায়িত্বরত সেকমো রোগীকে বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিয়েছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী গাইবান্ধা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।







