নিজস্ব প্রতিবেদক: ৬৪ জেলার সার ডিলার নেতাদের যৌথসভায় সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা-২০২৫ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)।
সভায় বক্তারা বলেন, আগামী মার্চ পর্যন্ত সার ব্যবহারের পিক মৌসুম। এ সময়ে নতুন নীতিমালা কার্যকর করা হলে সার বিতরণ ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএফএ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, প্রয়োজন হলে সার ডিলারের সংখ্যা বাড়ানো যেতে পারে। তবে অনিয়মকারী ডিলারদের তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা ডিলারদের বাদ দিয়ে একই এলাকায় নতুন ডিলার নিয়োগ করা হলে পুরোনো ডিলাররা অস্তিত্ব সংকটে পড়বেন।
ডিলার নেতারা ডিলারদের সঙ্গে আলোচনা করে নতুন নীতিমালা প্রণয়ন, প্রতি ইউনিয়নে অন্তত একজন ডিলার রাখা, কমিশন বৃদ্ধি এবং সার সরবরাহ বাড়ানোর দাবি জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়।
দাবি আদায়ে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, সংবাদ সম্মেলন, ৬৪ জেলায় মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। প্রয়োজন হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান নেতারা। পরবর্তী পর্যায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়।







