, ,

সাংবাদিক নওশের আলমকে হত্যার হুমকির অভিযোগ, ইউএইজুড়ে নিন্দা ও প্রতিবাদ

নিউজটি শেয়ার করুন

স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন সংগঠনের

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কর্মরত বাংলাদেশি সাংবাদিক নওশের আলম চৌধুরী ওরফে সুমনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। এ ঘটনায় তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

নওশের আলম চৌধুরী সংযুক্ত আরব আমিরাতে গ্লোবাল টেলিভিশন ও বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা, ভিসা জটিলতা, শ্রমবাজার, রেমিট্যান্স, প্রবাসীদের হয়রানি, দূতাবাস ও কনস্যুলেটের সেবাসহ বাংলাদেশ-ইউএই দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। পাশাপাশি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নওশের আলম সুমনের স্ত্রী শারমিন নাহার এবং দুই সন্তান সিয়াম ও সিফাত বাংলাদেশে বসবাস করেন। পরিবারের অভিযোগ, দেশে স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস এবং এলাকায় সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তারা বিভিন্ন সময় বাধা ও হয়রানির শিকার হয়েছেন।

পরিবারের দাবি, রংপুর সদর উপজেলার পাগলাপীর মহাদেবপুর পশ্চিমপাড়া এলাকায় মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত জমিকে কেন্দ্র করে ২০১৮-১৯ সাল থেকে বিরোধের সূত্রপাত। মসজিদের কাজে ব্যবহারের উদ্দেশ্যে জমিটি ভরাট করার পর একটি পক্ষের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরপর বিভিন্ন সময়ে বাধা, হুমকি, হামলা ও হয়রানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে পরিবার। এসব ঘটনায় একাধিক মামলা ও পাল্টাপাল্টি অভিযোগের পরিস্থিতিও তৈরি হয়েছে বলে তারা জানান।

পরিবারের আরও অভিযোগ, নওশের আলম সুমন দেশে ফিরলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী শারমিন নাহার রংপুর কোতোয়ালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে অভিযোগের বিষয়ে এখনো সন্তোষজনক অগ্রগতি পাওয়া যায়নি বলে দাবি পরিবারের। স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরে প্রতিকার চেয়েও কাঙ্ক্ষিত সমাধান না পাওয়ার অভিযোগ করেছেন তারা।

এদিকে এ ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম, ইউএই-এর বিবৃতিতে বলা হয়, একজন সাংবাদিকের পেশাগত পরিচয় কিংবা ব্যক্তিগত কোনো বিরোধের কারণে তার জীবন ও পরিবারের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে না। সংগঠনটি অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তদন্তে কোনো ধরনের অবহেলা বা পক্ষপাতের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে জানায়, প্রবাসে কর্মরত কোনো বাংলাদেশির পরিবার নিজ দেশে অনিরাপদ অবস্থায় থাকতে পারে না। নওশের আলম সুমনের স্ত্রী-সন্তানসহ পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছেন দুবাই বিজনেস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইয়াকুব সুনিক। তিনি বলেন, “একজন প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা তার কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে সামাজিক উন্নয়নে কাজ করবেন, অথচ তাকে বাধা দিয়ে হুমকি-ধমকি দেওয়া হবে—এটি অত্যন্ত দুঃখজনক।”

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইউএই শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিনও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। সরকারের কাছে দাবি জানাই, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দেশে তাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা ও হুমকির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে হবে।”

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও রাজনৈতিক পর্যায়ের ব্যক্তিরাও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, ব্যক্তিগত কিংবা জমিসংক্রান্ত কোনো বিরোধ থাকলে তা আইন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। হুমকি, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে কাউকে দমিয়ে রাখার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রতিবাদকারীরা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ভূমিকা রাখছেন। এসব কাজে কেউ বাধা বা হুমকির শিকার হলে তার সুষ্ঠু প্রতিকার নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নওশের আলম সুমনের বিরুদ্ধে হুমকির অভিযোগসহ সংশ্লিষ্ট সব ঘটনার নিরপেক্ষ তদন্ত, তার স্ত্রী শারমিন নাহার ও দুই সন্তানসহ পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।