ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক সরাইল উপজেলার ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পূবালী ব্যাংক পিএলসি। ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে ব্যাংকের সরাইল উপশাখার আয়োজনে সরাইল বাজারে এক জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ) আয়োজিত এই মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী, ব্যাংকার, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, “ক্যাশলেস ব্যাংকিং এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমান সময়ের বাস্তবতা। দ্রুত, নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করাই ক্যাশলেস বাংলাদেশের মূল লক্ষ্য।” লেনদেনে কাগজের নোট বা হাতে নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ডিজিটাল পেমেন্ট, কিউআর কোড (QR Code) এবং মোবাইল ব্যাংকিংয়ের মতো আধুনিক আর্থিক সেবা ব্যবহারে জনগণকে আরও বেশি উদ্বুদ্ধ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন আলোচকেরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক সমবারু চন্দ্র মহন্ত।বিশেষ অতিথি হিসেবে মঞ্চ অলংকৃত করেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, পূবালী ব্যাংক পিএলসি ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান ও সহকারী উপ-মহাব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া এবং পূবালী ব্যাংক পিএলসি সড়ক বাজার শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত ব্যবসায়ীরা পূবালী ব্যাংকের এই ডিজিটাল রূপান্তর ও আধুনিক ব্যাংকিং সেবার উদ্যোগকে স্বাগত জানান এবং সরাইলের অর্থনৈতিক চালিকাশক্তিকে বেগবান করতে এই সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।







