আমার বাবা পুলিশ ছিলেন
অধ্যক্ষ খান আখতার হোসেন
ছুটির দিনগুলোতে বনশ্রীর ৪ নম্বর রোডের পাঁচতলার ফ্ল্যাটটার বারান্দায় দাঁড়িয়ে চা খাওয়ার অভ্যাস ছিল মাসুদের। সাদা পাঞ্জাবি গায়ে, হাতে কাঁচের কাপ, আর চোখে টিভির খবর। ১৮ জুলাই ২০২৪ এর বিকেলটাও তার ব্যতিক্রম ছিল না। টিভির ভেতর থেকে ভেসে আসছিল উত্তপ্ত শব্দগুলো। কোটা সংস্কার আন্দোলন। নারায়ণগঞ্জে পিবিআই অফিসে হামলা। পুলিশ আহত। গাড়ি পোড়ানো।
মাসুদ চায়ের কাপে চুমুক দিলেন। বুকের ভেতরটা কেমন করে উঠল। ২৮ বছর। ১৯৯৬ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কালান্দর গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন উপ-পরিদর্শক হয়ে। আব্দুল জব্বার ভূঁইয়া আর গুলজান বেগমের আট সন্তানের মধ্যে ষষ্ঠ। তার বাবা আব্দুল জব্বার ছিলেন মুক্তিযোদ্ধা। ৭১ এ রণাঙ্গনে যুদ্ধ করেছেন। বুকের বাম পাশে এখনো গুলির দাগ ছিল। ছোটবেলায় মাসুদ সেই দাগে হাত বুলিয়ে জিজ্ঞেস করত, “বাবা ব্যথা করে?” বাবা হাসতেন। “দেশের জন্য ব্যথা গায়ে লাগে না রে।” সেই শিক্ষাই মাসুদ সারাজীবন বুকে নিয়ে ঘুরেছেন। দেশ মানে মানুষ। মানুষ মানে পরিবার।
বাবা মারা যাওয়ার পর সংসারের হাল তিনিই ধরেছিলেন। প্রতি মাসের এক তারিখে মায়ের ওষুধের প্যাকেট পৌঁছে যেত গ্রামে। ডায়াবেটিস, প্রেসার, কিডনির ওষুধ। সাথে ফোন। “মা ভাত খাইছো?”
নারায়ণগঞ্জ পিবিআইতে এখন পরিদর্শক তিনি। ফাইল ঘাঁটা মানুষ। মাঠের চেয়ে কাগজে কলমে তার দুনিয়া। নিখোঁজ মানুষ, জটিল তদন্ত, খুনের ক্লু। অফিসের ছেলেরা বলত স্যার মাথা ঠান্ডা। রাগ কম।
কিন্তু কদিন ধরে শরীরটা ভালো যাচ্ছিল না। ডাক্তার ছুটি দিয়েছেন। তাই বাড়িতেই ছিলেন। স্ত্রী বীনা, বড় মেয়ে স্নেহা ইস্ট ওয়েস্টে ইংরেজি সাহিত্য পড়ে, মেঝ মেয়ে নেহা এবার এইচএসসি দেবে, ছোট ছেলে মাহিন ক্লাস এইটে। তিনজনের টিউশন, বই, মায়ের চিকিৎসা। সব তার একার কাঁধে। প্রতিবেশী খোকন মিয়া বলত, “মাসুদ ভাই পুলিশের মানুষ, অথচ পুলিশি ভাব নাই। বিপদে পড়লে উনাকেই আগে ফোন দেই।”
স্নেহা সেদিনগুলোতে বাসায় কম থাকত। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে, রাস্তায়, পিকেটিংয়ে। সে জুলাই যোদ্ধা। হাতে প্ল্যাকার্ড, গলায় স্লোগান। বাবাকে বলেছিল, “আব্বু আমরা বৈষম্যের বিরুদ্ধে। তুমি বুঝবা না?” মাসুদ হেসে বলেছিলেন, “বুঝি রে মা। তুমি ঠিক পথে থাকো। অন্যায় দেখলে চুপ থেকো না। দাদুও তো দেশের জন্য যুদ্ধ করছে। তুমিও করো।” মেয়ের চোখে আগুন দেখে গর্ব হতো। কিন্তু বুকের ভেতর ভয়ও হতো। টিভিতে যা দেখায়।
সন্ধ্যার দিকে খবর আরও খারাপ হলো। কারফিউ। ইন্টারনেট বন্ধ। মোবাইলে শুধু কল আসে। গ্রাম থেকে ছোট ভাই সোহেল ফোন দিল। “ভাই সাবধানে থাকিস। অবস্থা ভালো না।” মাসুদ হাসল। “আমি তো ডিউটিতে নাই রে। ছুটিতে আছি।”
রাতটা কাটল ঘুমহীন। সকালে বীনা বাজার করতে বের হতে চাইলেন না। ফ্রিজে চাল আছে, ডাল আছে, কিন্তু ছেলের জ্বরের ওষুধ শেষ। বিকালে মাসুদ বললেন, “আমি যাই। ১০ মিনিট। গলির মোড়ের ফার্মেসি আর চায়ের দোকান। সিভিল ড্রেস। কেউ চিনবে না।” বীনা আঁচল চেপে ধরলেন। “আজ যাইও না। টিভিতে কী দেখাইতেছে দেখো না।” মাসুদ বীনার কপালে হাত রাখলেন। “আমি পুলিশ অফিসার না আজ। আমি তোমার স্বামী। এক বাপ। ওষুধ না আনলে মাহিন রাতে ঘুমাবে না।”
বের হওয়ার আগে আয়নায় নিজেকে দেখলেন। সাদা পাঞ্জাবি, পায়জামা, স্যান্ডেল। কোনো আইডি কার্ড না, অস্ত্র না। শুধু পকেটে ৫০ টাকার দুইটা নোট আর ফোন।
ঠিক সেই সময় স্নেহা ইস্ট ওয়েস্টের সামনে। দুপুর থেকে বিকেল। পুলিশ, ছাত্র, স্লোগান। গরম, ঘাম, আর গলার মধ্যে আটকে থাকা কান্না। ও জানত না বাসায় কী হচ্ছে। ফোনে নেট নাই। শুধু মেসেজ আসে, “বাসায় ফিরে আয়।”
গলিতে নামতেই বাতাসটা অন্যরকম লাগল মাসুদের কাছে। থমথমে। দোকানপাট অর্ধেক বন্ধ। রিকশা নাই। দুই তিনজন যুবক দাঁড়িয়ে কথা বলছে। কারো হাতে লাঠি। মাসুদ মাথা নিচু করে হাঁটলেন। ফার্মেসি থেকে প্যারাসিটামল আর নাপা নিলেন। পাশের চায়ের দোকানে দুই কাপ চা অর্ডার করলেন। একটা নিজের, একটা দোকানদারের জন্য।
চা হাতে নিতেই পেছন থেকে শব্দ। “এই ব্যাটা কে?”
মাসুদ ঘুরে তাকালেন। ১০-১২ জনের দল। বয়স ২০ থেকে ৩০। কারো হাতে রড, কারো হাতে দেশি অস্ত্র। চোখ লাল।
“কী হইছে ভাই?” মাসুদ নরম গলায় বললেন।
“তুমি পুলিশ না?” একজন এগিয়ে এলো।
মাসুদ কেঁপে উঠলেন ভেতরে। কিন্তু গলা স্বাভাবিক রাখলেন। “না ভাই। আমি সাধারণ মানুষ। ছুটিতে আছি। বাসা এই সামনেই।”
“মিথ্যা কথা। তোমার চেহারা চেনা লাগে। পিবিআই না?” আরেকজন চিৎকার করে উঠল। গতকাল নারায়ণগঞ্জের পিবিআই অফিসে হামলা হয়েছে। তিনটা গাড়ি পুড়েছে। সেই আক্রোশ, সেই ভয়, সেই গুজব সব একসাথে এসে জড়ো হলো এই গলির মোড়ে।
মাসুদ দুই হাত তুললেন। “আমার কথা শোনেন। আমি নারায়ণগঞ্জে চাকরি করি ঠিক। কিন্তু আজ আমি অফিসে নাই। আমি অসুস্থ। ডাক্তারের ছুটি আছে আমার। দেখেন আমার পকেটে কিছু নাই।”
কেউ শুনল না। “পুলিশ! পুলিশ ধর!” শব্দটা বাতাসে ছড়িয়ে গেল। প্রথম আঘাতটা এলো পিঠে। রডের বাড়ি। মাসুদ হুমড়ি খেয়ে পড়লেন। চায়ের কাপটা ছিটকে গেল। গরম চা পায়ে পড়ল কিন্তু তিনি টের পেলেন না। দ্বিতীয় বাড়ি মাথায়। তারপর আরেকটা। আরেকটা।
তিনি পালানোর চেষ্টা করেননি। শুধু বলেছিলেন, “আমার বাচ্চা আছে… আমি ছুটিতে…” কথা শেষ হয়নি। সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল কয়েক সেকেন্ডে।
স্থানীয় এক নারী জানালা দিয়ে দেখে চিৎকার করে বেরিয়ে এলেন। “মারবেন না! লোকটা মরে যাবে!” কয়েকজন সাহসী যুবক তাকে টেনে তুলল। রিকশা নাই। অটো নাই। চারজন কাঁধে করে দৌড়ালেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দিকে।
হাসপাতালে নেওয়ার পথে মাসুদের জ্ঞান ছিল। বিড়বিড় করে বলছিলেন, “বীনাকে খবর দিও… মাহিনের ওষুধ…”
স্নেহা যখন বাসায় ফিরল তখন সন্ধ্যা। দরজা খুলেই দেখল মা কাঁদছে। নেহা দেয়ালে মাথা ঠুকছে। মাহিন চুপচাপ বসে আছে। “কী হইছে?” স্নেহার গলা কাঁপছিল। বীনা শুধু বললেন, “তোর বাবা… রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে।”
সেই মুহূর্তটা। যে মেয়ে সারাদিন রাস্তায় ছিল পরিবর্তনের জন্য, সে দৌড়ে গেল হাসপাতালে। রিকশা নাই, সিএনজি নাই। দুইটা বাস বদলে, মানুষের কাঁধে ভর দিয়ে পৌঁছাল। আইসিইউর বাইরে দাঁড়িয়ে ওর মনে হচ্ছিল পৃথিবীটা উল্টে যাচ্ছে। একদিকে সে স্লোগান দিয়েছে “রাষ্ট্র সংস্কার চাই”। আরেকদিকে সেই রাষ্ট্রেরই একটা অংশ, তার বাবা, মেঝেতে পড়ে আছে।
আইসিইউতে নেওয়া হলো। ১৪ ঘণ্টা। ডাক্তাররা চেষ্টা করলেন। মাথায়, বুকে, পিঠে অসংখ্য জখম। বীনা যখন পৌঁছালেন তখন মাসুদের হাতটা ঠান্ডা হয়ে আসছে। স্নেহা বাবার হাত চেপে ধরে কাঁদছিল। নেহা দেয়ালে মাথা ঠুকছিল। মাহিন বুঝতে পারছিল না, শুধু জিজ্ঞেস করছিল, “আব্বু কখন বাসায় আসবে?”
২০ জুলাই ভোর ৫টা ১৭ মিনিট। মনিটরের লাইনটা সোজা হয়ে গেল। ডাক্তার মাথা নাড়লেন। স্নেহা চিৎকার করে কাঁদেনি। শুধু বাবার কপালে হাত রেখে ফিসফিস করে বলেছিল, “আব্বু, তুমি না বলতা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে? আমি দাঁড়িয়েছি। তুমি দেখো।”
খবরটা যখন কালান্দর গ্রামে পৌঁছাল তখন গুলজান বেগম উঠানে বসে ছিলেন। ৮০ বছরের শরীর। ছেলে প্রতি মাসে ওষুধ পাঠায়, প্রতি সপ্তাহে ফোন দেয়। পুলিশ এসে যখন বলল “আপনার ছেলে মাসুদ আর নাই” তখন তিনি ১০ মিনিট কোনো কথা বলেননি। শুধু আকাশের দিকে তাকিয়ে ছিলেন। তারপর বললেন, “আমার কলিজার টুকরাকে কারা মারল? ও তো কারো ক্ষতি করে নাই। ওর বাবা দেশের জন্য যুদ্ধ করছে। আর আমার ছেলেকে…”
রাতেই দাফন হলো গ্রামের কবরস্থানে। বৃষ্টি হচ্ছিল। পুলিশের গাড়ি, প্রতিবেশী, আত্মীয়। সবাই কাঁদছিল। কিন্তু সবচেয়ে বেশি কাঁদছিলেন সোহেল। ভাইয়ের লাশের পাশে বসে বলছিল, “তুমি অফিসে ছিলা না ভাই। তুমি ছুটিতে ছিলা। তবুও কেন? তুমি তো মুক্তিযোদ্ধার ছেলে।”
পরের দিন বীনা তিন সন্তানকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে গেলেন। প্রধানমন্ত্রী হাত ধরলেন। বললেন বিচার হবে, সহায়তা দেওয়া হবে। আইজিপিও আশ্বাস দিলেন। রাষ্ট্রীয় অনুদানের ফাইল খুলল। কিন্তু বীনা রাতে বাসায় ফিরে তিন সন্তানের মুখের দিকে তাকিয়ে ভাবলেন, এই টাকা দিয়ে কি স্নেহার সেমিস্টার ফি হবে? নেহার ভর্তি? মাহিনের স্কুল? মায়ের ওষুধ?
মাসুদের মৃত্যুটা শুধু একটা সংখ্যা হয়ে গেল না। ওই তিন দিনে আরও দুইজন পুলিশ মারা গেলেন। ট্যুরিস্ট পুলিশের এএসআই মোক্তাদির, ডিএমপির নায়েক গিয়াস উদ্দিন। তিনজনের অপরাধ একটাই ছিল। তারা ইউনিফর্ম পরতেন। অথবা ইউনিফর্মের মতো দেখতে ছিলেন।
কিন্তু মাসুদের গল্পটা অন্যরকম। তিনি ঘটনার সাথে ছিলেন না। ১৮ তারিখে অফিসে হামলা হয়েছে, তিনি বাড়িতে ছিলেন। তিনি অস্ত্র ধরেননি। তিনি মিছিলে লাঠি চালাননি। তিনি শুধু ছেলের জন্য জ্বরের ওষুধ কিনতে বের হয়েছিলেন।
এরপর থেকে বনশ্রীর সেই গলির মোড়ের চায়ের দোকানটা কেমন যেন নীরব হয়ে গেল। দোকানদার এখনো সকাল ৮টায় চা বানায়। কিন্তু মাসুদের জন্য যে কাপটা আলাদা করে রাখত, সেটা আর রাখে না।
সময় চলে যায়। ৭ বছর।
সাত বছর পর বনশ্রীর ফ্ল্যাটটা এখনো আছে। দেয়ালে আগের মতোই মাসুদের একটা বড় ছবি। সাদা পাঞ্জাবি পরা। হাসিমুখ। ছবির নিচে ছোট্ট করে লেখা, “আমার আব্বু”।
বড় মেয়ে স্নেহা এখন কানাডায়। ডক্টরেট শেষ করেছে টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে। বিষয় সাহিত্য আর মানবাধিকার। থিসিসের নাম ছিল “Conflict, Memory and the Ordinary Man”। ভাইভাতে শিক্ষকরা জিজ্ঞেস করেছিল, “তুমি এই টপিক কেন বেছে নিলে?” স্নেহা ৫ মিনিট চুপ থেকে বলেছিল, “কারণ আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি ছুটিতে ছিলেন।” এখন সে ওখানকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। বাসার ড্রয়িংরুমে বাবার ছবি। প্রতি শুক্রবার নামাজের পর দোয়া করে। বন্ধুদের গর্ব করে বলে, “My father was a police officer in Bangladesh. He died because someone thought he was the system. But he was just a dad buying medicine.”
২য় মেয়ে নেহা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে অনার্স, মাস্টার্স। তারপর বিসিএস। ৪৭ তম বিসিএসে সে এএসপি হয়ে জয়েন করেছে। পোস্টিং নারায়ণগঞ্জে। যে জেলায় তার বাবা চাকরি করত। প্রথম দিন ইউনিফর্ম পরে বাবার অফিসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কেঁদেছিল। সহকর্মীরা জিজ্ঞেস করেছিল, “ম্যাডাম কী হয়েছে?” নেহা বলেছিল, “এখানে আমার বাবা কাজ করতেন।” এখন সে মাঠে নামে। মানুষের কাছে যায়। বলে, “আমি পুলিশ, কিন্তু আগে আমি আপনাদের মেয়ে।” রাতে বাসায় ফিরে বাবার ছবির সামনে দাঁড়িয়ে রিপোর্ট লিখে। “আব্বু, আজ ৩টা মামলার তদন্ত শেষ করলাম। তুমি যেভাবে ফাইল ঘাঁটতে, আমিও সেভাবে ঘাঁটছি।”
ছোট ছেলে মাহিন। এখন ঢাকা মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র। বাবা যেদিন মারা যায় সেদিন তার জ্বর ছিল। সেই জ্বরের ওষুধই আনতে গিয়েছিলেন বাবা। মাহিন এখন ডাক্তার হতে চায়। কারণ সে জানে অসুস্থ মানুষের পাশে কেউ না থাকলে কেমন লাগে। ক্লাসে স্যার যখন “medical ethics” পড়ান, মাহিন প্রথম বেঞ্চে বসে নোট নেয়। বন্ধুরা বলে, “তোর আব্বু কী করত?” মাহিন বুক ফুলিয়ে বলে, “আমার আব্বু পুলিশ ছিল। সে মানুষের সেবা করত।” রুমে একটা ছোট ফ্রেম। বাবার সাথে তোলা শেষ ছবি। ঈদের দিনের।
বীনা এখনো বনশ্রীতেই থাকেন। তিন সন্তান দূরে, কিন্তু ফোনে কথা হয় প্রতিদিন। রাতে ঘুমানোর আগে তিনি তিনবার ছবির দিকে তাকান। একবার স্নেহার জন্য, একবার নেহার জন্য, একবার মাহিনের জন্য। মাঝে মাঝে আলমারি খুলে মাসুদের সেই সাদা পাঞ্জাবিটা বের করেন। এখনো সাবানের গন্ধ আছে। বুকের কাছে হালকা একটা দাগ। চায়ের দাগ।
কালান্দরে গুলজান বেগম ৮৭ বছর বয়সে মারা গেছেন ৩ বছর আগে। মৃত্যুর আগের দিন পর্যন্ত ছেলের ছবি বুকে নিয়ে ঘুমাতেন। যাওয়ার আগে নাতনী নেহাকে ডেকে বলেছিলেন, “তুমি পুলিশ হইছো মা। মানুষের উপকার কইরো। আমার মাসুদের মতো।”
সোহেল এখন গ্রামের মসজিদের ইমাম। প্রতি জুমায় দোয়া করে ভাইয়ের জন্য। বলে, “আমার ভাই মুক্তিযোদ্ধার ছেলে ছিল। সেও দেশের সেবা করছে।”
মামলার কী হলো? ৪ জন গ্রেপ্তার হয়েছে। বিচার চলছে। ধীরে। রাষ্ট্রীয় অনুদানের টাকা দিয়ে স্নেহার পড়া, নেহার বিসিএস কোচিং, মাহিনের মেডিকেলের খরচ হয়েছে। কিন্তু টাকা দিয়ে যে শূন্যতা, সেটা পূরণ হয়নি।
৭ বছর পরেও ১৯ জুলাই আসলে বনশ্রীর মানুষজন চুপ করে যায়। চায়ের দোকানে কেউ জোরে কথা বলে না।
স্নেহা কানাডা থেকে ভিডিও কলে বলে, “মা, আজ বাবার মৃত্যুদিন।” নেহা নারায়ণগঞ্জ থেকে ছুটি নিয়ে ঢাকায় আসে। মাহিন মেডিকেল থেকে সরাসরি কবরস্থানে যায়। তিন ভাইবোন কবরের পাশে দাঁড়িয়ে বলে, “আব্বু আমরা ভালো আছি। তুমি যেভাবে চাইতা।”
মানুষ জিজ্ঞেস করে, “এত বছর পরেও কষ্ট কমে না?”
স্নেহা উত্তর দেয়, “কষ্ট কমে না। কিন্তু গর্ব বাড়ে। আমার বাবা ভীতু ছিলেন না। তিনি পালাননি। তিনি সত্য বলেছিলেন।”
নেহা বলে, “আমি পুলিশে জয়েন করেছি কারণ আমি প্রমাণ করতে চাই, পুলিশ মানেই খারাপ না। আমার বাবার মতো মানুষও ছিল।”
মাহিন বলে, “আমি ডাক্তার হব। কারণ বাবা সেদিন ওষুধ আনতে পারেনি। আমি অন্য কারো বাবার জন্য ওষুধ আনব।”
ইতিহাস বড় বড় তারিখ মনে রাখে। ১৮ জুলাই। ১৯ জুলাই। কতজন মারা গেল, কতটা ভবন ভাঙল। কিন্তু ইতিহাস ব্যক্তির নাম ভুলে যায়।
মাসুদ পারভেজ ভুঁইয়া। ৪৮ বছর। ২৮ বছরের চাকরি। উপ-পরিদর্শক থেকে পরিদর্শক। মুক্তিযোদ্ধার ছেলে। তিন সন্তানের বাবা। এক মায়ের কলিজার টুকরা।
তার মৃত্যু কোনো পক্ষের বিজয় না। এটা আমাদের সবার পরাজয়। কারণ আমরা ভুলে গিয়েছিলাম মানুষ আর প্রতীকের তফাত। রাগের মাথায় একটা ইউনিফর্ম দেখলেই শত্রু ভেবে নিয়েছিলাম। গুজবকে সত্য ভেবে নিয়েছিলাম। স্নেহার মতো হাজারো ছেলে-মেয়ে রাস্তায় ছিল একটা ভালো দেশের জন্য। আর মাসুদের মতো হাজারো বাবা ঘরে ছিল পরিবারটাকে বাঁচানোর জন্য। দুইজনই চেয়েছিল একই জিনিস। কিন্তু মাঝখানে এসে দাঁড়াল আতঙ্ক।
আজ ৭ বছর পরেও প্রশ্নটা রয়ে যায়। আমরা কি শিখেছি? নাকি আবার কোনো উত্তাল দিনে, আবার কোনো গলির মোড়ে, আবার কোনো সাদা পাঞ্জাবি রক্তে ভিজবে?
উত্তরটা জানা নাই। শুধু জানা আছে তিনটা সন্তান প্রতিদিন বাবার ছবির সামনে দাঁড়িয়ে বলে, “আব্বু আমরা লড়ছি। তুমি যেভাবে শিখাইছো।”
একজন কানাডায় বসে কলম দিয়ে।
একজন নারায়ণগঞ্জে বসে ইউনিফর্ম পরে।
আরেকজন ঢাকা মেডিকেলে বসে স্টেথোস্কোপ নিয়ে।
আর তাদের বাবা?
তিনি আছেন দেয়ালে টাঙানো ছবিতে। সাদা পাঞ্জাবিতে। হাসিমুখে।
পরিদর্শক মাসুদ পারভেজ ভুঁইয়া। যিনি ছুটিতে ছিলেন।







