, ,

আমরা এক হতভাগা আত্মঘাতী জাতি নইলে বিশ্বকবি রবীন্দ্রনাথকে আঘাত করি কোন স্পর্ধায়?

নিউজটি শেয়ার করুন

কয়েকদিন ধরেই কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে কিছু শিক্ষিত জ্ঞানপাপী নির্বোধের মত নেতিবাচক ও হেয় প্রতিপন্ন করে এমন কুৎসিত সমালোচনা করছেন যেটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হওয়া একটি জাতির জন্য আত্মঘাতীর সামিল।

রবীন্দ্রনাথ তার স্বমহিমায় বিশ্বের রবি এবং ভারতের কবি হলেও ব্যক্তিগতভাবে কারো অপছন্দের হতেই পারেন। কিন্তু সাংবিধানিকভাবে তিনি স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা। বাংলাকে নিয়ে তার অমর সৃষ্টি “আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি” গানটি আমাদের জাতীয় সংগীত। রাষ্ট্রীয় ও সামাজিক কোন অনুষ্ঠানাদি শুরু করার পূর্বে জাতীয় সংগীত পরিবেশনের সময় আমরা দাঁড়িয়ে জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করে থাকি। ফলে এই সম্মান জাতীয় সংগীত চরয়ীতার প্রতিও একইভাবে বর্তায়। এগুলো শুধুমাত্র আইনী বা সাংবিধানিক বিষয়ই নয়, এগুলো জাতিসত্তা ও সভ্যতার শিষ্টাচার হিসেবেও স্বীকৃত।

রবীন্দ্রনাথকে গালি দেয়া ও তার গ্রাফিতিতে কালিমা লেপনকারী কিছু শিক্ষিত ধর্মান্ধ উন্মাদকে নির্বোধ বলছি একারণেই যে, বাংলাদেশ মানবো,স্বাধীনতার সুফল ভোগ করবো আর রবীন্দ্রনাথ ও তার চৌদ্দগোষ্ঠী উদ্ধার করে যা খুশি তাই বলবো আর করবো তা কি হয়? কবিগুরু রবীন্দ্রনাথ গোটা বিশ্বের। বাঙালি জাতি ভাগ্যবান রবীন্দ্রনাথ এই বাংলায় জন্মেছিলেন বলে। কাজেই রবীন্দ্রনাথকে আঘাত করা, তার প্রতিকৃতিতে কালিমাখানো সংবিধান লংঘনের সামিল। সংবিধান লংঘন মানেই রাষ্ট্রদ্রোহ অপরাধের সামিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখন থেকে ৮৫ বছর পূর্বে ৮০ বছর বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যু সংবাদ শুনে বাংলার বিদ্রোহী কবি স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল তার রবি-হারা কবিতায় রবীন্দ্রনাথের মহাপ্রস্থানকে যেভাবে তুলে ধরেছেন তার কিছুটা রবীন্দ্র সমালোচক নির্বোধদের উদ্দেশ্যে তুলে ধরছি।

“দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত- পথের কোলে
শ্রাবনের মেঘ ছুটে এল দলে দলে উদাস গগন-তলে
বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি
তুমি চলে যাবে বলে।

তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে না কি,
তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি?

আজ বাংলার নাড়িতে নাড়িতে বেদনা উঠেছে জাগি’;
কাঁদিছে সাগর নদী অরন্য, হে কবি, তোমার লাগি’।
তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরা;
ভুলিয়া গিয়াছি ক্লৈব্য দীনতা উপবাস ক্ষুধা জরা।

মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মত,
তোমারি গরবে ভাবিতে পারিনিঃ আমরা ভাগ্যহত।

এত ভালোবাসিতে যে তুমি এ ভারতে ও বাংলায়,
কোন অভিমানে তাঁদের আঁধারে ফেলে রেখে গেলে, হায়।

শ্রাবন মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি,
ঘরে ঘরে কাঁদে নর-নারী, “ফিরে এস আমাদের কবি।”

তোমার বানীর সুরের অধিক প্রিয়তম ছিলে তুমি,
বাংলার শ্রীর চেয়ে ভালোবেসেছিলে বঙ্গভুমি।

আশ্বাস দাও, হে পরম প্রিয় কবি, আমাদের প্রাণে,
ফিরিয়া আসিবে নব রুপ লয়ে আবার মোদের টানে।
এত রস পেয়ে নীরস শীর্ণ ক্ষুধিত তরে কেন কেঁদেছিলে, কেন কাঁদাইলে আজীবন প্রেম ভরে।

শুনেছি, সুর্য নিভে গেলে হয় সৌরলোকের লয়;
বাংলার রবি নিভে গেল আজ, আর কাহারও নয়।
বাঙ্গালি ছাড়া কি হারালো বাঙ্গালি কেহ বুঝিবেনা আর,
বাংলা ছাড়া এ পৃথিবীতে এত উঠিবে না হাহাকার।

বাংলার বুকে নিত্য তোমার শ্মশানের চিতা জ্বেলে।
ভু-ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে-
আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে।

এত বড়, এত মহৎ বিশ্ববিজয়ী মহা-মানব, বাংলার দীন হীন আঙ্গিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাইব কি মোরা?

বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরনে,
যে লোকেই থাক হতভাগ্য এ জাতিরে রাখিও মনে।

জাতীয় কবি কাজি নজরুল ইসলাম কবিগুরুকে যেভাবে মূল্যায়ন করেছে, সত্যি আমরা হতভাগা জাতি না হলে ৮৫ বছর পরে অমন আত্মঘাতী কথা কি করে কবিগুরুকে কালিমালিপ্ত করে বলতে পারে? মুর্খতার সীমানা অতিক্রম করে আমরা শিক্ষিত হয়েছি বটে কিন্তু সুশিক্ষার অভাবে আমাদের তরুণতরুণীরা এখন দেয়ালে আঁকা কবিগুরুর গ্রাফিতিতে কালিমা লেপন করছে যা কেবল দুর্ভাগা দেশের দুর্ভাগা জাতির পক্ষেই করা সম্ভব। ধর্মান্ধ তরুণতরুণীরা জানে না তারা কি করছে। তাই এ দায় আমাদের শিক্ষাব্যবস্থার, আমাদের সভ্যতার।

উচ্চশিক্ষিত কিছু জ্ঞানপাপীরা একেবারে দিনক্ষণ উল্লেখপূর্বক বলে বেড়াচ্ছেন যে রবীন্দ্রনাথ নাকি ১৯১২ সালে ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিশাল জনসভায় সভাপতিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চরম বিরোধীতা করেছিলেন। অথচ ইতিহাস পর্যালোচনা থেকে যা পেয়েছি তার আলোকে বলছি বিশিষ্ট প্রাবন্ধিক কুলদা রায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং রবীন্দ্রনাথ প্রবন্ধে উল্লেখ করেছেন, ভিন্ন ভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলেন। তন্মধ্যে পশ্চিমবঙ্গ ও বিহার অঞ্চলের কিছু প্রভাবশালী মুসলমানও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলেন। তাদের যুক্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সন্তানসন্ততিদের কোন উপকারে আসবে না।

কলকাতা কেন্দ্রীক সেই বিরোধীতাকারীদের মধ্যে ছিলেন মওলানা আকরাম খাঁ, মৌলভি আবুল কাশেম, মৌলভি লিয়াকত হোসেন, ব্যারিষ্টার আব্দুর রসুল প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ। তা ছাড়াও পূর্ববঙ্গের মধ্যবিত্ত কিছু মুসলমানদের ধারণা ছিল যে, পূর্ববঙ্গে তখনও যথেষ্ট পরিমান ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েট পাশ ছাত্র ছিল না যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তাই তারা মনে করতেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না করে ওই টাকা দিয়ে পূর্ববঙ্গে আরও কিছু স্কুল ও কলেজ স্থাপন করলে এই অঞ্চলের মুসলিম ছেলেমেয়েদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ালেখার সুযোগ বৃদ্ধি পাবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে পূর্ববঙ্গের মুসলিম ছাত্রদের শিক্ষার জন্য যে বাজেট বরাদ্দ সরকার থেকে আসে তা অনেকাংশে আরও কমে যাবে। ফলে এসব যৌক্তিক কারণেই কলকাতার তৎকালীন হিন্দু মুসলিম উভয় সমাজের কিছু মানুষ ছাড়া প্রায় সবাই ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধীতা করেছিলেন।

কলকাতা কেন্দ্রীক যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছিলেন তাদের অনেকের সঙ্গেই রবীন্দ্রনাথের ব্যক্তিগত সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথ নিজেও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। সেই কারণেই অনেকে মনে করতেন রবীন্দ্রনাথ ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনেরও বিরোধী ছিলেন, যাহা সর্বই মিথ্যা এবং বানোয়াট। কলকাতার হিন্দু মুসলিম বুদ্ধিজীবীদের একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করে ১০/১২ টি প্রতিবাদ সভাও করেছিলেন। কিন্তু প্রতিবাদকারীদের ঐ সব সভার সাথে কবিগুরু রবীন্দ্রনাথের কোন সম্পৃক্ততা ছিল না। সভাপতিত্ব করা তো দুরের কথা।

১৯১২ সালের ২৮ মার্চ তারিখটি ১৩১৮ বঙ্গাব্দের ১৪ বা ১৫ই মার্চ ছিল। অথচ ইতিহাস বলছে রবীন্দ্রনাথ ঐ সময় ছিলেন পূর্ববঙ্গের শিলাইদহে। কবিগুরু রবীন্দ্রনাথ তার সব কবিতা, প্রবন্ধের নীচে রচনার স্থান ও তারিখ উল্লেখ করতেন। শিলাইদহে অবস্থানকালে তিনি ১৭/১৮টি গান ও কবিতা রচনা করেছেন। “আমার এই পথ চাওয়াতেই আনন্দ” এই গানটি লিখেছেন ১৪ চৈত্র ১৩১৮ বঙ্গাব্দ। ইংরেজি দিনপঞ্জি অনুযায়ী হয় ২৭ মার্চ ১৯১২ সাল।এখানকার মানুষের ছোট ছোট সুখ-দুঃখের আলোয় একের পর এক সৃষ্টি করতে থাকেন ছোট গল্প, দেনা-পাওনা, গিন্নি, পোষ্ট মাষ্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা ইত্যাদি। শিলাইদহ থেকে কবি কলকাতায় ফিরেছিলেন ১২ এপ্রিল ১৯১২ সালে। “এবার ভাসিয়ে দিতে হবে আমার এই তরী” এই গানটিও কবি ২৬ চৈত্র ১৩১৮ বঙ্গাব্দ ইংরেজি ৭ বা ৮ এপ্রিল ১৯১২ সালে লিখেছেন। এ সব তথ্যাবলীর ডকুমেন্ট প্রতীক প্রকাশন সংস্থার সঞ্চয়িতার অষ্টম মুদ্রণে ৩৩১ পৃষ্ঠায় রয়েছে।

ফলে যারা প্রতিহিংসাপরায়ণ মুর্খের মত বলে বেড়াচ্ছে রবীন্দ্রনাথ ১৯১২ সালের ২৮ মার্চ কলকাতা গড়ের মাঠের জনসভায় সভাপতিত্ব করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীতা করেছেন তাদের এই মিথ্যাচারের পিছনে অন্য কোন বাজে মতলব রয়েছে। বিবেকবান কোন সভ্য মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজি নজরুলকে নিয়ে নেতিবাচক সমালোচনা বা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাঙাত্মক কুৎসা রটাতে পারে না। রবীন্দ্রনাথের পূর্বে এবং পরে বাংলা বাঙালির আরও অনেক কবি এসেছে, তাদের কাব্য সৃষ্টিকে ছোট করে দেখারও কোন সুযোগ নেই। কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথই প্রাচ্যের একমাত্র কবি যিনি বাংলাভাষা ও বাংলা সাহিত্যকে দেশের গন্ডি অতিক্রম করে বিদেশী ভাষার সমান উচ্চতায় বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করে গেছেন। রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ দার্শনিক তিনি শুধু কবি নন, বহুমাত্রিক অনন্য প্রতিভাসম্পন্ন এক মহা মানব।

উনবিংশ শতাব্দীর শেষের দিকে বাঙালির আত্মঘাতী দালালী চরিত্র এবং নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মানসিকতা দেখে কবিগুরু আক্ষেপ করে তার বঙ্গমাতা কবিতায় লিখেছেন “সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষতো করোনি! বাঙালির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানের জল্লাদের কারাগার থেকে আন্তর্জাতিক শক্তির চাপে মুক্ত হয়ে ১০ জানুয়ারি ৭২ স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রেখে আবেগে আপ্লুত হয়ে বলেছিলেন কবিগুরুর কথা আজ মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। আমার বাংলাদেশ আজ স্বাধীন।

যারা কবিগুরু রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চুনকালি লেপন করে সত্যি কি তারা মানুষ হয়েছে? এই প্রশ্নটি সুহৃদ পাঠকবন্ধুদের নিকট রইলো?

লেখক: কলামিষ্ট ও রাজনীতি বিশ্লেষক।