একটি দেশের জাতীয় পরিচয়পত্র প্রধানত একজন মানুষের সেই দেশের নাগরিকত্বের বৈধ প্রমাণপত্র হিসেবে বিবেচিত হয়। জাতীয় জীবনে প্রতিটি নাগরিকের জন্য ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব অপরিসীম। পাসপোর্ট তৈরি ও নবায়ন, ড্রাইভিং লাইসেন্স করা, ব্যাংক একাউন্ট খোলা, জমি কেনা বেচা, ট্রেড লাইসেন্স করা থেকে শুরু করে ব্যবহারিক জীবনের নানা ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের বাধ্যতামূলক প্রয়োজনীয়তা রয়েছে। ব্যক্তিগত ও জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় একটি সর্বোচ্চ মানসম্মত জাতীয় পরিচয়পত্র প্রদান নিশ্চিত করা রাষ্ট্রের একান্ত দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। জাতীয় ও আঞ্চলিক নির্বাচন কমিশন কর্মকর্তাগণের ও একজন নাগরিকের অনিচ্ছাকৃত ভুলের কারণে, জাতীয় পরিচয়পত্র তৈরি করার সময় নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা তোলা অত্যন্ত নিম্ন মানের অস্পষ্ট ছবির কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধন করা অসংখ্য মানুষের জন্য অত্যাবশ্যক হয়ে পড়ে। সরকারি ও স্বায়ত্তশাসিত চাকরীর বদলি জনিত কারণে কিংবা জীবন জীবিকার স্থান ও ধরন পরিবর্তনের কারণে অসংখ্য মানুষকে বিভিন্ন সময় বাধ্য হয়েই ভোটার এলাকা পরিবর্তন করতে হয়। জাতীয় পরিচয়পত্র সংশোধন বা ভোটার এলাকা পরিবর্তনের কারণে নির্বাচন কমিশন অফিসকে উক্ত নাগরিকদের জন্য একটি সংশোধিত নতুন জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হয় যেটা অত্যন্ত নিম্নমানের বলে পরিলক্ষিত হচ্ছে। জাতীয় পরিচয়পত্র সংশোধন বা ভোটার এলাকা পরিবর্তনের পরে তাদেরকে আর নতুন করে কোন স্মার্ট কার্ড প্রদান করা হয় না। দুইশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচশত টাকা পর্যন্ত প্রদান করে জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন বা ছবি পরিবর্তন করা গেলে একটি নির্দিষ্ট পরিমাণ ফি জমা নিয়ে সংশোধিত জাতীয় পরিচয়পত্রটির ক্ষেত্রেও নাগরিকদের স্মার্ট কার্ড প্রদান করা একান্ত জরুরী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এ কথা ভুলে গেলে চলবে না যে আমাদের এই জাতীয় পরিচয়পত্রটি বিদেশে কর্মরত বাংলাদেশী নাগরিকদের পরিচয়ের ক্ষেত্রে ক্ষুদ্রতম হলেও মর্যাদার একটি অংশ ও বটে। সংশোধিত অত্যন্ত নিম্নমানের একটি জাতীয় পরিচয়পত্র নিয়ে বহির্বিশ্বে প্রদর্শন করলে জাতি হিসেবে সেটা হবে আমাদের জন্য মর্যাদাহানিকর। আশা করি বাংলাদেশ সরকারের দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন আধুনিক ও সর্বোচ্চ মানসম্মত জাতীয় পরিচয়পত্র নিশ্চিতকরণে সংশোধিত বা স্থানান্তরিত জাতীয় পরিচয়পত্রটি ও একটি গ্রহণযোগ্য ফি জমা নেবার মাধ্যমে ডিজিটাল স্মার্ট কার্ড প্রদানের ত্বরিত ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
__ মাসুম হাসান
কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক।






