, ,

শিক্ষা ও সুশাসনের অনন্য দৃষ্টান্ত, বিভাগসেরা জেলা প্রশাসক শরীফা হক

নিউজটি শেয়ার করুন

টাঙ্গাইল প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর আওতায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সম্প্রতি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং সদস্য সচিব, প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলে দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইতোমধ্যে জেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রশংসা অর্জন করেছেন।
বিশেষ করে প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন উদ্যোগ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং শিশুদের প্রতি আন্তরিক মনোভাব তাঁকে এ স্বীকৃতি অর্জনে সহায়তা করেছে। তিনি বিশ্বাস করেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে।
জেলা প্রশাসক শরীফা হক দেশ-বিদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মানবিক মূল্যবোধকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকেন। তাঁর মতে, সরকারি সেবার মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের আস্থা অর্জন এবং এমন সেবা নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষ অনুভব করে—রাষ্ট্র তাদের পাশে রয়েছে।
এদিকে, ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে তাঁর এই অর্জনে টাঙ্গাইলের শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও সর্বস্তরের জনগণ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা করছেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে তাঁর গৃহীত কার্যকর কর্মসূচিগুলো ভবিষ্যতে দেশের অন্যান্য জেলাতেও অনুসরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে।
জেলা প্রশাসক শরীফা হকের এই সম্মাননা টাঙ্গাইল জেলার জন্য এক গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যক্তি জীবনে ডিসি শরীফা হক বিবাহিত এবং ২ সন্তানের জননী। তার স্বামী মো: গোলাম রব্বানী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ডিসি শরীফা হক এবং গোলাম রব্বানী দুজনেই ঢাকা বিশ্বিবিদ্যালয়ের একই ব্যাচের (১৯৯৬-৯৭) শিক্ষার্থী ছিলেন।