ঘাটাইল প্রতিনিধি : শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে গুড নেইবার’স বাংলাদেশ, ঘাটাইল সিডিপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঘাটাইল উপজেলার শালিয়াজানিতে অবস্থিত গুড নেইবার’স স্কুলের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গুড নেইবার’স বাংলাদেশ, ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুকুনুজ্জামান।
মতবিনিময় সভায় ঘাটাইল ও গোপালপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধান, তাঁদের প্রতিনিধি এবং ম্যানেজিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পার্টনার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা, বাস্তব সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অব্যাহত রাখা, তাদের মেধা বিকাশ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আরও কার্যকর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।







