নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে লালপুর থানা পুলিশ এলাকায় কিশোর গ্যাং রোধ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে।
গতকাল (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর লালপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অহেতুক আড্ডারত অবস্থায় ২৮ জন কিশোরকে (যাদের বেশিরভাগই স্কুল ও কলেজের ছাত্র) থানা হেফাজতে নেওয়া হয়।পরবর্তীতে থানায় এনে তাদের বিষয়ে ব্যাপক যাচাই-বাছাই করা হয়। তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার মতো কোনো অপরাধের সঙ্গে তাদের সম্পৃক্ততা না পাওয়ায় কিশোরদের ভবিষ্যৎ সুরক্ষার কথা বিবেচনা করে পুলিশ তাদের সতর্ক করে দেয়। পরবর্তীতে তাদের নিজ নিজ অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় হস্তান্তর করা হয়।হস্তান্তরকালে নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কিশোর ও উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন সতর্কতামূলক বক্তব্য প্রদান করেন।তিনি বলেন, “কিশোর বয়স অত্যন্ত সংবেদনশীল। এই বয়সে ভুল সঙ্গ ও অহেতুক নাইট আড্ডার কারণে অনেক সম্ভাবনাময় ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। সন্তানদের লালন-পালনের পাশাপাশি তারা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মেলামেশা করছে—সে বিষয়ে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে।”তিনি আরও জানান, লালপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ রোধে পুলিশের এ ধরনের প্রতিরোধমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






