, ,

রায়পুরার আদিয়াবাদে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। 

নিউজটি শেয়ার করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে আদিয়াবাদ সরকারি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, উক্ত কলেজের প্রিন্সিপাল নুর সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ জানানোয় বিএনপি নেতা মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
বক্তারা আরও জানান, সংশ্লিষ্ট প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলাও হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে বলেও দাবি করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, “আমরা সত্যের পক্ষে অবস্থান নিয়েছি। কিন্তু এখন আমাদের কণ্ঠরোধের চেষ্টা চলছে।” তারা দ্রুত মো. নাজমুল হক বাদলের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অপপ্রচার বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আয়োজকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধদের হয়রানি বন্ধের আহ্বান জানান।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন সমাপ্ত করেন এবং দ্রুত ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন।