সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঘুড়কা ও চান্দাইকোনা ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নিয়ে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ নামে নতুন ইউনিয়ন গঠনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবটি বাস্তবায়নের সম্ভাবনা যাচাই এবং স্থানীয় বাসিন্দাদের মতামত জানতে গণশুনানির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১২ অক্টোবর) ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ শুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এ সময় নতুন ইউনিয়ন গঠনের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য সুফল নিয়ে আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ইউনিয়নে ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে জনমত সংগ্রহের জন্য গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারীর স্বাক্ষরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান এবং সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুসামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল, মো. দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
শুনানিতে বক্তারা প্রস্তাবিত ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সেবা সহজলভ্য করা এবং এলাকার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন ইউনিয়ন গঠিত হলে স্থানীয় বাসিন্দারা কীভাবে উপকৃত হতে পারেন, সে বিষয়েও মতামত নেওয়া হয়।
সংশ্লিষ্টদের মতে, নতুন ইউনিয়ন গঠনের ক্ষেত্রে স্থানীয় জনমতের পাশাপাশি প্রশাসনিক সক্ষমতা, সীমানা নির্ধারণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া জরুরি।
তবে গণশুনানিতে ইউনিয়ন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। স্থানীয়দের মতামত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।







