মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রীকান্ত মালাকার (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রবিবার (১৭ মে) দুপুর ১টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার গোবিন্দবার্টি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে কুলাউড়ামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মৌলভীবাজারগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক শ্রীকান্ত মালাকার মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। একই সাথে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকচালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড় এলাকায় ট্রাকটি ফেলে চালক চম্পট দেয়। পুলিশ ঘাতক ট্রাকটিও উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল বর্তমানে থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।







