, ,

রাজউকের পরিদর্শকের ছত্রচ্ছায়ায় উত্তরখানে অবৈধ বহুতল ভবন: নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে নির্মাণকাজ

নিউজটি শেয়ার করুন

রাজধানীর উত্তরায় উত্তরখানগামী মাজার রোডের মুসলিম গাজী কমপ্লেক্স (হোল্ডিং ১৮৪৪/এ)। এই কমপ্লেক্সের ডান দিক দিয়ে যে সরু পথটি ভেতরে প্রবেশ করেছে, পরিমাপ করলে তার প্রস্থ দাঁড়াবে মাত্র চার ফুট। অথচ সেই চার ফুট গলির ভেতরেই সমস্ত নিয়ম-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছে একটি বিশাল সাততলা ভবন! বর্তমানে ভবনটির ছাদ ঢালাইয়ের কাজ চলছে পুরোদমে।

অভিযোগ রয়েছে, রাজউকের ইমারত পরিদর্শক মোঃ নাজমুল হাসানের যোগসাজশেই গড়ে উঠছে এই অবৈধ স্থাপনা। নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট প্রস্থের রাস্তা ছাড়া বহুতল ভবন নির্মাণের কোনো সুযোগ নেই। কিন্তু রহস্যজনক কারণে সেই নিয়মের তোয়াক্কা না করেই ভবনটির নির্মাণকাজ চালিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ইমারত পরিদর্শক মোঃ নাজমুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা স্বীকার করেন। তিনি দাবি করেন, ভবনটির বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে এবং পরবর্তীতে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। পাঁচতলা পর্যন্ত নির্মিত এবং কোটি টাকার বেশি বিনিয়োগ হওয়া এই অবৈধ ভবনটি ভাঙা সম্ভব কি না জানতে চাইলে, তার বক্তব্যে অসহায়ত্ব ফুটে ওঠে। তিনি জানান, ভবন ভাঙা সম্ভব নয়, তবে প্রয়োজনে সতর্ক করা যেতে পারে।

দেশের বিশিষ্ট ইমারত বিশেষজ্ঞদের মতে, নিয়ম বহির্ভূত নির্মাণকাজ সম্পর্কে অবগত থেকেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই অবৈধ স্থাপনা গড়ে ওঠার সুযোগ তৈরি হয় এবং যখন মানুষ বসবাস শুরু করে তখন রাজউকের মোবাইল কোর্ট বা আইন প্রয়োগের পথ অনেকটা রুদ্ধ হয়ে যায়।

সূত্র জানায় কুবুদ্ধি সম্পন্ন ও অত্যন্ত ধূর্ত এই ইমারত পরিদর্শক বেশ দ্রুততার সাথেই কর্মস্থল পরিবর্তন করে গুলশানের ৪ নম্বর জোনে স্থান করে নিয়েছেন। তবে তার এমন ধূর্ততার ফসল হিসেবে ঘনবসতিপূর্ণ এলাকায় গড়ে উঠছে একের পর এক বিশালাকার ইমারত, যা ভবিষ্যৎ নগরায়ন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, এভাবে পরিকল্পিত উপশহরগুলো বস্তির মতো অপরিকল্পিত ও ঘিঞ্জি এলাকায় পরিণত হলে বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগসহ জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়বে।

সচেতন মহলের দাবি, রাজউকের মতো একটি সরকারি দপ্তরের কর্মচারীর এমন দায়িত্বহীনতা ও রহস্যজনক ভূমিকা জনস্বার্থের চরম পরিপন্থী। এ ধরনের ঘটনার সাথে জড়িত ইমারত পরিদর্শক মোঃ নাজমুল হাসানের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং অনতিবিলম্বে তাকে অপসারণ করা জরুরি। বিষয়টি জোন অফিস থেকে রাজউকের প্রধান কার্যালয় পর্যন্ত কর্তৃপক্ষের নজরে এনে তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হোক—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।