, ,

‎রবীন্দ্রনাথের ছবিতে কালি গান ও কবিতায় সংস্কৃতিকর্মীদের প্রতিবাদ

নিউজটি শেয়ার করুন

‎রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালিমা লেপনের চেষ্টার প্রতিবাদে গান ও কবিতায় সাংস্কৃতিক সমাবেশ করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎শনিবার সন্ধ্যায় ওই দেয়ালের সামনেই রবীন্দ্রনাথের গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে প্রতিবাদ জানান সংস্কৃতিকর্মীরা। পাশাপাশি প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।
‎
‎গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে ফুটপাতসংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।
‎
‎শনিবার দুপুরে সেই দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছে ফেলার চেষ্টা করেন কয়েকজন। তাঁদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এএনএম আয়াসকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
‎
‎এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দেয়ালটির সামনে জড়ো হন সংস্কৃতিকর্মীরা। তাঁরা ‘সংকটের বিহ্বলতায় হইও না ম্রিয়মান’, ‘একি অপরূপ রূপে মা তোমার’ ও ‘সকাতরে ওই কাঁদিছে সকলে’সহ রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান পরিবেশন করেন। আবৃত্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আবৃত্তি করেন রবীন্দ্রনাথের কবিতা ‘ওরে নবীন, ওরে আমার কাঁচা’।