রাশেদ লাল,সিরাজগঞ্জ ; বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহরিয়ার নুর হোসেন জিসান।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করেন।
পরিবার সূত্রে জানা যায়, জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গত রোববার দুপুরে চার বন্ধু সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় ঘুরতে যান। সেখানে গোলামের হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। আড়াইটার দিকে নদীতে গোসলের সময় জিসান নরম বালুর মধ্যে পা দিতেই পানিতে তলিয়ে যেতে থাকেন।
এ সময় তার বন্ধু মাহিন হাসান তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় দুই মিনিট ধরে হাত দিয়ে জিসানকে ধরে রাখলেও একপর্যায়ে তিনি হাত ফসকে নদীতে তলিয়ে যান। এরপর থেকেই জিসান নিখোঁজ ছিলেন।







