, ,

মেলান্দহ উপজেলায় ভেজাল সরিষা তেলের কারখানায় অভিযান: ১ লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা

নিউজটি শেয়ার করুন

মোঃ সেলিম উদ্দিন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে ভেজাল সরিষার তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা, ১,৮০০ লিটার ভেজাল তেল ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। ​মঙ্গলবার বিকেলে মেলান্দহ উপজেলার ৫নং ওয়ার্ডের শাহজাতপুর গ্রামে পরিচালিত এ যৌথ অভিযানে নেতৃত্ব দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা। অভিযানে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

​অভিযান সূত্রে জানা যায়, শাহজাতপুর গ্রামের মো: আলিম উদ্দিন নামের এক ব্যক্তি বিগত প্রায় ১০ বছর ধরে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান ব্যবহার করে ভেজাল তেল তৈরি করে আসছিলেন। পরবর্তীতে তা ‘জোড়া ষাঁড় মার্কা খাঁটি সরিষার তেল’ নামে বাজারে বিক্রি করা হতো। ​ঘটনাস্থলে পরীক্ষা করে দেখা যায়, কথিত ওই তেলের মধ্যে সরিষার কোনো অস্তিত্বই নেই। অভিযানে কারখানার মালিক আলিম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সেখানে মজুত রাখা প্রায় ১,৮০০ লিটার ভেজাল তেল মাটিতে ঢেলে ধ্বংস করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন,”প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন বা কাগজপত্র ছিল না। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিল। পরীক্ষাগারে ও ঘটনাস্থলে তেলটি পরীক্ষা করে ভেজালের প্রমাণ পাওয়া গেছে। কারখানায় থাকা সব ভেজাল তেল ফেলে নষ্ট করা হয়েছে।”জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জামালপুরের সহকারী পরিচালক মো: শরীফুল ইসলাম তার বক্তব্যে বলেন,”এর আগেও অন্য একটি প্রতিষ্ঠানে এই ভেজাল তেল পাওয়া গেছিল তেলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। ল্যাবের প্রতিবেদনে ওই তেলে কোনো স্বীকৃত ভোজ্য তেলের অস্তিত্ব পাওয়া যায়নি। তারা সামান্য সরিষার তেলের সাথে অন্যান্য বিষাক্ত উপাদান মিশিয়ে বাজারজাত করছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।” ​প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এবং ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।