, ,

গাইবান্ধায় শ্রেষ্ঠ ওসি নাজমুল ইসলাম, পেশাদারিত্বের প্রশংসা

নিউজটি শেয়ার করুন

‎গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা পুলিশ লাইন্সে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ।
‎
‎প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা, শারীরিক সক্ষমতা ও টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় দক্ষতা ও শৃঙ্খলার ক্ষেত্রে ভালো পারফরম্যান্স করা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।
‎
‎প্যারেড শেষে পুলিশ সুপার জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন। পরে অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, কর্মদক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে উত্তম আচরণসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
‎
‎সকাল ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন কল্যাণমূলক প্রস্তাব, সুযোগ-সুবিধা এবং প্রাতিষ্ঠানিক নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
‎
‎সভায় পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের ও পরিবারের প্রতিও দায়িত্বশীল হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎শ্রেষ্ঠ ওসি নাজমুল ইসলাম
‎কল্যাণ সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলামকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়।

‎দায়িত্ব পালনে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং থানার সার্বিক কার্যক্রমে দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সদর থানার ওসি হিসেবে নাজমুল ইসলামের এমন স্বীকৃতি জেলা পুলিশের অভ্যন্তরে তার দায়িত্বশীলতা ও কর্মতৎপরতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
‎
‎বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পুলিশি সেবা কার্যক্রমকে আরও গতিশীল করা এবং জনগণের সঙ্গে পুলিশের ইতিবাচক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বের গুরুত্ব রয়েছে। শ্রেষ্ঠ ওসি হিসেবে নাজমুল ইসলামের পুরস্কারপ্রাপ্তি সেই দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই বিবেচিত হচ্ছে।
‎
‎এ সময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের মোট ছয়জন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে জেলা পুলিশের পক্ষ থেকে একজন পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
‎
‎পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎
‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।