, ,

ময়মনসিংহে মানবপাচার চক্রের প্রধান হোতা চার নারী সদস্য গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহের হালুয়াঘাট থানার পৃথক অভিযানে মানবপাচার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আকনপাড়া গ্রামের আজিউল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌস রিমা (১৯), একই এলাকার মৃত উসমান আলীর মেয়ে শারমিন আক্তার শানু (২১), মৃত সিরাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার (২৩) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের মৃত মানিকের মেয়ে লাকী আক্তার (৩০)।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দীর্ঘদিন ধরে ওই চার নারী সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় একটি মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তরুণী ও নারীদের পাচারের চেষ্টা করতেন তাঁরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। ওসি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক চার নারীকে আজ আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।