বিলেতের মাটিতে আবারও জয়জয়কার বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতী সন্তানদের। যুক্তরাজ্যের সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ব্রিটিশ মূলধারার রাজনীতিতে দাপট দেখিয়ে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন এই জেলার ৮ জন প্রবাসী। তাদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে মৌলভীবাজারসহ সারা দেশে বইছে আনন্দের বন্যা, বাড়ছে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি।
মেধা ও যোগ্যতায় জয়ী জনতা গত ৭ই মে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়ী হন তারা। বিশিষ্ট কমিউনিটি লিডার ও গণমাধ্যমকর্মী মোহাম্মদ মকিস মনসুর জানান, এখন পর্যন্ত ৮ জনের তথ্য নিশ্চিত হওয়া গেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত পূর্বপুরুষদের হাত ধরে কিংবা শিক্ষা ও জীবিকার তাগিদে যুক্তরাজ্যে পাড়ি জমানো এই প্রতিনিধিরা তাদের মেধা, পরিশ্রম এবং জনসেবার মাধ্যমে স্থানীয় ব্রিটিশদের মন জয় করে নিয়েছেন।
বিজয়ী ৮ নক্ষত্র ও তাদের পরিচয় এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে অনেকেই হ্যাটট্রিকসহ টানা কয়েকবার জয়ের ইতিহাস গড়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক বিজয়ীদের পরিচিতি:
১। সাবিনা আক্তার (স্টেপনি গ্রিন ওয়ার্ড): এসপায়ার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন। তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার। তার বাড়ি কুলাউড়ার বরমচাল ইউনিয়নের উছমানপুর গ্রামে।
২।রহিমা রহমান (নিউহ্যাম কাউন্সিল): লেবার পার্টি থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন সাবেক এই মেয়র। তিনি মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের বাসিন্দা।
৩।এ কে এম গোলাম জিলানী চৌধুরী জিবু (ইসলিংটন): বার্নসবারি ওয়ার্ড থেকে রেকর্ড ষষ্ঠবারের মতো নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সাবেক এই মেয়র। তার পৈতৃক বাড়ি সদর উপজেলার শাহবন্দর এলাকায়।
৪। জুসনা ইসলাম (রেডব্রিজ কাউন্সিল): লেবার পার্টি থেকে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক এই মেয়র। তিনি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উত্তর মোলাইম গ্রামের সন্তান।
৫। সাঈদা চৌধুরী (রেডব্রিজ কাউন্সিল): লেবার পার্টির প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন এই সাংস্কৃতিক কর্মী। তিনি সদরের মেয়ে এবং বড়লেখার পুত্রবধূ।
৬।আবু তালহা চৌধুরী (টাওয়ার হ্যামলেটস): এসপায়ার পার্টি থেকে বেথনাল গ্রিন ওয়েস্ট ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সন্তান (বাড়ি: একাটুনা ইউনিয়নের সিংকাপন)।
৭।হাসানুজ্জামান খান (ব্রাডফোর্ড কাউন্সিল): নর্থ ইংল্যান্ডের ব্রাডফোর্ড থেকে লেবার পার্টির টিকিটে চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনী গ্রামে।
৮।শাহানিয়া চৌধুরী (হারো কাউন্সিল): ‘ওয়েল্ডস্টোন নর্থ ওয়ার্ড’ থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার বাড়ি শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী কালাপুর চৌধুরী বাড়িতে।
আনন্দিত মৌলভীবাজারবাসী প্রবাসী এই সন্তানদের বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অভিনন্দনের জোয়ার বইছে। দেশের মাটি ও মানুষের সাথে নাড়ির টান বজায় রাখা এই জনপ্রতিনিধিদের সাফল্যে জেলাবাসী গর্বিত। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তাদের এই অবস্থান ব্রিটেনের নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশিদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







