রাজধানীর বৈদেশিক ডাক বিভাগে কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং অবৈধ ট্যাক্স আরোপের পৃথক দুটি মারাত্মক অভিযোগ পাওয়া গেছে।
সুবিচার, নিরপেক্ষ তদন্ত ও পার্সেল খালাসের দাবি জানিয়ে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা সম্প্রতি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (বৈদেশিক ডাক, ঢাকা) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার এলাকার একজন গাড়িচালক মাহফুজ আহমেদ গত ১৪ জুলাই ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রে পার্সেল প্রেরণের জন্য বৈদেশিক ডাক দপ্তরে যান। সেখানে উপস্থিত উচ্চমান সহকারী সবুজ ও সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী নামের দুই কর্মকর্তা পার্সেলটি পার করার জন্য িতার নিকট ২০,০০০ (বিশ হাজার) টাকা ঘুষ দাবি করেন।
ভুক্তভোগী চালক জানান, তিনি ঘুষ দিতে অস্বীকৃতি জানিয়ে বিষয়টি ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালে তাঁর হস্তক্ষেপে পার্সেলটির ব্যবস্থা হয়। তবে এরপর থেকেই উচ্চমান সহকারী সবুজ ওই চালককে বিষয়টি কাউকে না জানানোর জন্য চাপ দিতে থাকেন এবং অভিযোগ করলে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার এবং আমেরিকায় প্রেরিত পার্সেলটি নিরাপদ গন্তব্যে পৌঁছানোর জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মাহফুজ আহমেদ।
অপর এক অভিযোগে, ‘বিসমিল্লাহ অটো সেন্টার’-এর স্বত্বাধিকারী ও গাড়ি আমদানিকারক মোহাম্মদ তালহা নূর জানান, জাপান থেকে আমদানিকৃত গাড়ির চাবি ও ম্যানুয়াল বইয়ের একটি পার্সেলের ওপর সম্পূর্ণ অনৈতিকভাবে ৯৬% ট্যাক্স ধার্য করেছে কাস্টমস।
তিনি অভিযোগে উল্লেখ করেন, ১ জুলাই ২০২৬ তারিখে আটক হওয়া পার্সেলের চিঠি ১৫ দিন পর (১৬ জুলাই) গ্রাহকের হাতে পৌঁছায়। ১৬ জুলাই তিনি সমস্ত কাগজপত্র দাখিল করার পর কাস্টমস কর্মকর্তারা চাবি ও ম্যানুয়াল বইয়ের পার্সেলটির ওপর অস্বাভাবিক ট্যাক্স চাপিয়ে দেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে গাড়ির ওপর আগেই ২০০% ট্যাক্স প্রদান করা হয়েছে, সেই গাড়ির চাবির ওপর দ্বিতীয়বার ট্যাক্স আরোপ সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ও অনৈতিক। পূর্বের নিয়ম ও অন্য চ্যানেলে করছাড় সুবিধা পেলেও এবার EMS-এর মাধ্যমে আসা পার্সেলটিতে কাস্টমস কর্মকর্তারা অযৌক্তিক কারণে বাধা সৃষ্টি করছেন।
পৃথক এই দুটি ঘটনায় ক্ষতিগ্রস্ত ও ভুক্তভোগীরা ডাক বিভাগের নিকট বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত, ঘুষ দাবি ও হয়রানি রোধ এবং করমুক্ত পার্সেল খালাসসহ কাস্টমারের হয়রানী বিহীন সেবা প্রদান নিশ্চিত করার জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন কর্তৃপক্ষের বরাবর। প্রাপ্ত অভিযোগে অভিযুক্ত রাজস্ব বিভাগের উচ্চমান সহকারী সবুজ ও সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদী কে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা তাদের বিরুদ্ধে ঘুষ দাবী ও হয়রানির অভিযোগ অস্বীকার করেন। বৈদেশিক ডাক বিভাগের অনিয়ম ও দূর্নীতির প্রাপ্ত অভিযোগ সম্পর্কে কর্মরত রাজস্ব কর্মকর্তা আবুল ফয়েজ চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এবিষয়ে তাঁর উর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করার কথা বলেন। উপরোক্ত অভিযোগের বিষয়টি আই সি ডি রাজস্ব বিভাগের সহকারী কমিশনার তানিয়া আলমের নিকট শুনানির জন্য আছে বলে জানালেন অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মেহেদি। অপরদিকে ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শাহনাজ সিদ্দিকি জানান, রাজস্ব বিভাগের কিছু কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ঘুষদাবী ও অনিয়ম দূর্নীতির দুটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি আমার উর্ধতন কর্তৃপক্ষ ও রাজস্ব বিভাগে অভিযোগপত্র গুলো পাঠিয়ে দিয়েছি।






