নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন কাজীপাড়া ও আশপাশ এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা ভাংচুর, লুটপাট ও সন্ত্রাসী হামলার ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে শিল্পাঞ্চলজুড়ে।
দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতার কারণে একের পর এক মিল-ফ্যাক্টরিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিল্প মালিকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকায় শিল্পকারখানার বৃষ্টির পানি ও ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য রনি নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেড এর মালিকপক্ষ নিজ উদ্যোগে ড্রেন ও পাইপলাইন নির্মাণ করে। কিন্তু একটি চক্র চাঁদা দাবিকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে সেই পানি নিষ্কাশন ব্যবস্থা ভাংচুর ও লুটপাট চালায়। শুধু তাই নয়, ফ্যাক্টরি মালিক ও কর্মকর্তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, সাম্প্রতিক ভারী বর্ষণে পুরো শিল্পাঞ্চলে পানি জমে মিল-ফ্যাক্টরির ভেতরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক কারখানায় কাঁচামাল নষ্ট হওয়ার পাশাপাশি যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিল্প মালিকদের দাবি, পানি নিষ্কাশনের ব্যবস্থা সচল রাখতে গেলে একটি সন্ত্রাসী চক্র বাধা সৃষ্টি করছে। তারা বিভিন্ন সময় হামলা, ভাংচুর ও চাঁদা দাবির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। সম্প্রতি ১৩ই মে ২০২৬ ইং সংঘটিত হামলার ঘটনায় থানায় রনি নীট কম্পোজিট প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যা প্রকট হলেও তারাবো পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা প্রকৌশল বিভাগের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বলে মনে করছেন তারা।
স্থানীয় শ্রমিকরা জানান, শিল্পকারখানা বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর অবস্থায় পড়তে হবে তাদের। তাই দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।




