নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরে বড় অঙ্কের বীমা দাবি পরিশোধ না হওয়ায় গ্রাহকদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে বকেয়া দাবি পরিশোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এ উদ্যোগ অব্যাহত থাকলে দেশের বীমা খাতে দ্রুত আস্থা ফিরবে বলে মনে করছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।
তিনি বলেন, আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রাহকদের বকেয়া বীমা দাবি পরিশোধের বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছেন। সংকটে থাকা কয়েকটি বীমা কোম্পানির সম্পদ বিক্রি এবং ট্রেজারি বন্ড, এফডিআরসহ বিভিন্ন আর্থিক সম্পদ নগদায়নের মাধ্যমে গ্রাহকদের দাবি পরিশোধের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
কাজিম উদ্দিনের মতে, দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধে এমন কার্যকর উদ্যোগ গ্রাহকদের আস্থা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে বীমা খাতের প্রতি মানুষের ইতিবাচক ধারণা আরও শক্তিশালী হবে এবং এ খাতে নতুন গ্রাহকও বাড়বে।
তিনি বলেন, গত ১৪ সেপ্টেম্বর আইডিআরএ কার্যালয় পরিদর্শনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও গ্রাহকদের বীমা দাবি দ্রুত পরিশোধের ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, গ্রাহকের পাওনা পরিশোধ না করে বীমা কোম্পানির সম্পদ ধরে রাখা কিংবা নতুন বিনিয়োগের দিকে যাওয়ার পরিবর্তে আগে গ্রাহকের দায় পরিশোধে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
ন্যাশনাল লাইফের সিইও বলেন, আর্থিক খাতের অন্যান্য অংশের মতো বীমা খাতেও আস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হওয়ায় আমানতকারীদের মধ্যে আস্থা ফেরানোর প্রক্রিয়া জোরদার হয়েছে। একইভাবে বীমা গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ করা গেলে এ খাতেও আস্থার পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, একজন গ্রাহক যখন সময়মতো তাঁর প্রাপ্য বীমার অর্থ পান, তখন শুধু ওই গ্রাহকই উপকৃত হন না; তাঁর মাধ্যমে অন্য সম্ভাব্য গ্রাহকদের মধ্যেও বীমা সম্পর্কে ইতিবাচক বার্তা যায়। ফলে দাবি পরিশোধের হার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন গ্রাহক বৃদ্ধির সুযোগও তৈরি হবে।
কাজিম উদ্দিন আরও বলেন, বীমা খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গ্রাহকের পাওনা দ্রুত পরিশোধের পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক শৃঙ্খলা ও জবাবদিহিও নিশ্চিত করা প্রয়োজন। দীর্ঘদিনের বকেয়া দাবি নিষ্পত্তি করা গেলে বীমা খাতের প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।
দেশের অর্থনীতিতে বীমা খাতের ভূমিকা বাড়াতে গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং সময়মতো দাবি পরিশোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তিনি।







