নীলফামারী ও সৈয়দপুরে বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন সম্ভাবনা খতিয়ে দেখতে বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসিফ আকবর নীলফামার জেলার নীলফামারি ও সৈয়দপুর স্টেডিয়াম পরিদর্শন করেন।
দিনের শুরুতে তিনি নীলফামারী স্টেডিয়ামের অবকাঠামো, গ্রাউন্ডের মান, পিচের প্রস্তুতি ও চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পরে দুপুরে সৈয়দপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তিনি। মাঠের পরিচর্যা, ড্রেনেজ ব্যবস্থা, প্র্যাকটিস সুবিধা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে স্থানীয় ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া অফিসারের সঙ্গে মতবিনিময় করে আসিফ আকবর জানান, উত্তরাঞ্চলে ক্রিকেটের বিকাশে সৈয়দপুরকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন,
“উত্তরাঞ্চলে ক্রিকেটের বিকাশে সৈয়দপুর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখানকার মাঠ ও সুযোগ-সুবিধার উন্নয়নে বিসিবি প্রয়োজনীয় সহযোগিতা করবে।”
তিনি আরও উল্লেখ করেন, বয়সভিত্তিক ক্রিকেটের সম্ভাবনাময় খেলোয়াড় তৈরি ও আঞ্চলিক কাঠামোকে আরও শক্তিশালী করতে বিসিবি মাঠ পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শনে স্থানীয় ক্রীড়া অঙ্গনে নতুন আশাবাদের সঞ্চার হয়েছে। নীলফামারী ও সৈয়দপুর—উত্তরের এ দুই মাঠকে কেন্দ্র করে এখন বয়সভিত্তিক ক্রিকেটের বিকাশে নতুন সম্ভাবনা দেখছেন ক্রীড়াসংশ্লিষ্টরা।







