, ,

বিসিআইসি’র পরিচালক মোঃ দেলোয়ার হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) এবং ফেডারেশন অব বিসিআইসি ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি জনাব মোঃ দেলোয়ার হোসেনের অবসর গ্রহণ উপলক্ষে এক আন্তরিক, আবেগঘন ও মর্যাদাপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার বিকাল ৪:০০ ঘটিকায় বিসিআইসি অডিটোরিয়ামে সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বিসিআইসি’র চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান। বিসিআইসি’র ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক (বাণিজ্যিক) মোঃ মনিরুজ্জামান এবং পরিচালক (অর্থ) কামরুজ্জামান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মোঃ দেলোয়ার হোসেনের দীর্ঘ কর্মজীবনের সততা, প্রজ্ঞা, পেশাদারিত্ব, দক্ষতা এবং মানবিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর নিরলস অবদান, প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা বিসিআইসি পরিবারের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় আদর্শ ও ব্যক্তিত্ব আগামী দিনেও সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী অতিথির বক্তব্যে মোঃ দেলোয়ার হোসেন তাঁর দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা স্মরণ করেন। দীর্ঘ এই পথচলায় পাশে থাকার জন্য তিনি সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিসিআইসি পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর আবেগঘন বক্তব্য অডিটোরিয়ামে উপস্থিত সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বিসিআইসি’র কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত সফল ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়।