, ,

বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব আজ, লাখো ভক্তের ঢল

নিউজটি শেয়ার করুন

দিপংকর ঘোষ : আজ ৩ জুন ২০২৬ সনাতন ধর্মাবলম্বীদের পরম পূজনীয় সাধক শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস আজ। বাংলা ১২৯৭ সালের ১৯শে জ্যৈষ্ঠ (ইংরেজি ১৮৯০ খ্রিষ্টাব্দ) মহাপ্রয়াণ লাভ করেছিলেন এই আধ্যাত্মিক মহাপুরুষ। তাঁর এই মহাসমাধির পুণ্য তিথিকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশজুড়ে পালিত হচ্ছে তিরোধান উৎসব।উৎসবের মূল আকর্ষণ ও প্রধান মিলনমেলা বসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। যেখানে জীবনের শেষ ২৬ বছর অবস্থান করে মানবকল্যাণে অলৌকিক লীলা ও অমিয় বাণী প্রচার করেছিলেন বাবা লোকনাথ।আশ্রমের কর্মসূচি ও ভক্তদের সমাগম⁠বারদী আশ্রম পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, দিবসটি উদযাপনে আজ ভোর থেকেই শুরু হয়েছে নানা ধর্মীয় আচার। কর্মসূচির মধ্যে রয়েছে— উষাকীর্তন, বিশেষ মঙ্গলআরতি, গীতা পাঠ, বাবা লোকনাথের জীবনকথা আলোচনা, বাল্যভোগ ও রাজভোগ নিবেদন এবং দিনব্যাপী মহাপ্রসাদ বিতরণ।আজ সকাল থেকেই বারদী আশ্রমে তিল ধারণের জায়গা নেই। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও হাজার হাজার ভক্ত ও অনুরাগী এসে সমবেত হয়েছেন বারদীতে। ভক্তদের কণ্ঠে ‘জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্মচারী’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো আশ্রম প্রাঙ্গণ। শুধু বারদী নয়, রাজধানীর স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমসহ দেশের সব জেলা ও উপজেলার লোকনাথ মন্দিরগুলোতেও বিশেষ পূজা ও উৎসবের আয়োজন করা হয়েছে।