, ,

বন্যা পরিস্থিতি সত্ত্বেও সিলেটে যথাসময়েই হচ্ছে আগামীকালের এইচএসসি পরীক্ষা

নিউজটি শেয়ার করুন

উজানের পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও বৈরি আবহাওয়ার কারণে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও চলমান এইচএসসি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

আগামীকাল ১১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (আইসিটি) বিষয়ের পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা।

আজ ১০ জুলাই (২৬ আষাঢ়) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো: আনোয়ার হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বিভাগের আওতাধীন ৪ (চার) জেলার জেলা প্রশাসকদের কাছে কেন্দ্রের পরিস্থিতি বিবেচনা করে আগামীকালকের পরীক্ষা গ্রহণের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত চাওয়া হয়েছিল।

তারই প্রেক্ষিতে জেলা প্রশাসকেরা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি থাকলেও চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণে আপাতত কোনো সমস্যা হবে না। ফলে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সদয় অবগতির জন্য প্রেরণ করা হয়েছে। একই সাথে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও কেন্দ্রসমূহকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সিলেট বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনের সকল পরীক্ষা কেন্দ্রে পূর্বের সূচী অনুযায়ী কালকের (১১ জুলাই) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানান, আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।