, ,

বগুড়ায় পৃথক ঘটনায় দুই নারীকে নির্মম ভাবে হত্যা

নিউজটি শেয়ার করুন

সুব্রত ঘোষ, বগুড়া ব্যুরোঃ বগুড়ায় পৃথক ঘটনায় দুই নারীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ঘটনা দুইটি ঘটেছে শনিবার সন্ধ্যায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এবং রবিবার সকালে একই উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে খুন হন বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার শাহানাজ বেগম (৭০)। তিনি ঐ এলাকার মৃত আবদুল খালেকের স্ত্রী।
এলাকাবাসী জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে শাহানাজ বেগম কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রবিবার সকালে একই উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে মোমেনা বেগম (৬৮) নামে আরও এক নারী নিহত হন। তিনি ওই গ্রামের বাবু সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, জাবারীপুর গ্রামের শেফালী বেগমের পরিবারের সঙ্গে তার ননদ জোলেখা ও বেলাল হোসেনের পরিবারের মধ্যে রবিবার সকাল সাড়ে আটটার দিকে পারিবারিক কারনে মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি শান্ত করতে মোমেনা বেগম এগিয়ে গেলে প্রতিপক্ষের ধাক্কা ও আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই পৃথক দুই ঘটনায়,শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শাহানাজ বেগম হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অন্যদিকে জাবারীপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুটি ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান শুরু করেছে।