, ,

বগুড়ায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় এক কৃষককে গলাকেটে খুন করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সংসার দিঘী এলাকার জমিতে পড়ে থাকা অবস্থায় শাহ আলম নামের এক কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের সংসারদিঘী গ্রামের একটি জুট মিল রয়েছে। এই জুটমিলের পাশের জমি থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহ আলম সংসারদিঘী দুবিলা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জুট মিলের পাশের একটি জমিতে শাহ আলমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
বিহার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাহজাহান আলী বলেন, শাহ আলম একজন কৃষক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় এবং এ নিয়ে এলাকায় একটি সালিস বৈঠকও হয়েছিল। কেন তাকে গলা কেটে খুন করা হলো সে বিষয়ে তিনি হতবাক হয়েছেন। সকালে স্থানীয় লোকজন জুট মিলসংলগ্ন জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার কারণ এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুব্রত ঘোষ
বগুড়া