, ,

বগুড়ায় কবিরাজি চিকিৎসার নামে প্রতারনা – রংপুর থেকে গ্রেফতার ৩ জন

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় কবিরাজি চিকিৎসার কথা বলে প্রতারনা করে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে রংপুর থেকে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাপুনিয়া গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার গাবতলী থানা পুলিশ  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রংপুর জেলার বদরগঞ্জ থানার কাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেো রংপুরের বদরগঞ্জ থানার কাজীপাড়া এলাকার মো. শামসুল সরকার ওরফে ‘মন্ত্রী’ (৩৩), মো. নুরনবী ইসলাম ওরফে ‘নয়ন’ (২৭) এবং মো. শামসুল আলম (২৬)।
পুলিশ জানায়, প্রায় তিন মাস আগে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মাদ্রাসার জন্য পবিত্র কোরআন শরিফ দানের কথা বলে বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাপানিয়া গ্রামের বাসিন্দা কনিকা আক্তারের বাড়িতে যায়। পরিচয়ের সূত্র ধরে তারা কোরআন শরিফ কেনার জন্য তার কাছ থেকে ৫০০ টাকা নেয়। এর কিছুদিন পর ওই দুই ব্যক্তি আরও দুজন মাদ্রাসাছাত্রকে সঙ্গে নিয়ে পুনরায় কনিকা আক্তারের বাড়িতে যায়। মাদ্রাসার ছাত্রদের কাপড়চোপড় কেনার কথা বলে তারা আরও ২ হাজার ১০০ টাকা নেয়।
পরবর্তীতে গত ৮ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে চার ব্যক্তি কনিকা আক্তারের বাড়িতে গিয়ে তাকে অসুস্থ দাবি করে কবিরাজি চিকিৎসা শুরু করে। একপর্যায়ে তেলপড়া দিয়ে শরীরে মালিশ করতে বলা হয়। এরপর ঘরের মধ্যে গোলাপজল ছিটিয়ে তাকে স্বর্ণের গহনা বের করতে বলা হয়। পুলিশের তথ্যমতে, ওই সময় প্রতারকরা কৌশলে তাকে অচেতন করে তার কাছ থেকে স্বর্ণের গহনা নিয়ে নেয়। পরে গহনাগুলো সাত দিনের আগে দেখতে নিষেধ করে তারা জানায়, এর আগে গহনা দেখতে গেলে কবিরাজি চিকিৎসা কাজে আসবে না এবং সংসারে ক্ষতি হবে। এ সময় চিকিৎসার নামে তারা আরও ১০ হাজার টাকা নেয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর গাবতলী থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে মঙ্গলবার ভোরে বদরগঞ্জ থানার কাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি পেশাদার প্রতারক চক্রের সদস্য। তারা বিভিন্ন জেলায় গিয়ে মসজিদ ও মাদ্রাসার জন্য দান সংগ্রহের কথা বলে মানুষের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।