আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এবি পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলার কৃতি সন্তান মজিবুর রহমান মঞ্জু। শনিবার সকালে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রচার কার্যক্রমের সূচনা হয়। একইসাথে ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় তার ব্যানার-পোস্টার টানানো শুরু হয়েছে, যা নির্বাচনী উত্তাপকে আরও বাড়িয়ে তুলেছে।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, তিনি নির্বাচিত হলে নিজের বাড়িতে শালিস বা দরবার করবেন না এবং প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করবেন না। বাজার, স্কুল বা স্থানীয় কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ নয় বরং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠাই হবে তার অঙ্গীকার। সরকারি দপ্তরে কাজের গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং বিভিন্ন বরাদ্দ ও প্রকল্পের তথ্য জনগণের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সেনা ব্রিগেড স্থাপনের জন্য উপযুক্ত জায়গা চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা চান মঞ্জু। তিনি জানান, জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও পরিচিতি কাজে লাগিয়ে ফেনীর বন্যা নিয়ন্ত্রণে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প, বিভিন্ন সড়কের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ এবং শিক্ষা ও ক্রীড়া সামগ্রীর বরাদ্দসহ বহু কাজ তিনি করিয়েছেন।
তিনি আরও বলেন, পুরোনো তর্ক-বিতর্ক ও পুরোনো ধাঁচের রাজনীতি সময়ের সাথে বেমানান হয়ে পড়েছে—এখন প্রয়োজন বাস্তবসম্মত সমাধানমুখী রাজনীতি। খারাপ ব্যক্তিকে নির্বাচিত করলে তার পরিণতি জনগণকেই ভুগতে হয়, তাই দায়িত্বশীল ও উন্নয়নমনস্ক নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান তিনি। পরিবর্তন এখনই শুরু করতে হবে—এ বিশ্বাস থেকে তিনি ইতিবাচক রাজনীতির প্রত্যয় নিয়ে ফেনীবাসীর সমর্থন চান।






