নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড মর্যাদার ফিক্সেশন ‘আইবাস++’ (iBAS++) সিস্টেমে সংযুক্ত করার দাবিতে লবিং ও তৎপরতা জোরদার করেছে সম্মিলিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি।
শুক্রবার সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে তাঁর বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
সাক্ষাৎকালে শিক্ষক নেতৃবৃন্দ প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চিত ও কাঙ্ক্ষিত ১০ম গ্রেড এবং গেজেটেড পদমর্যাদার বিষয়টি আইবাস++ সিস্টেমে দ্রুত অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা ড. খন্দকার মোশাররফ হোসেনের মাধ্যমে এই যৌক্তিক দাবিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের দৃষ্টিগোচর করার অনুরোধ জানান। একই সাথে বিষয়টি যেন মহান জাতীয় সংসদে সদয় উপস্থাপন করা হয়, সেই ব্যাপারেও তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও সহযোগিতা কামনা করেন শিক্ষক প্রতিনিধিরা।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দাবিটি বাস্তবায়িত হলে সারা দেশের ৬৫,৫০২ জন প্রধান শিক্ষকের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত পাওনা আদায় হবে এবং প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকরা আরও বেশি অনুপ্রাণিত হবেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন শিক্ষকদের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন এবং এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার দাবির সপক্ষে প্রয়োজনীয় সকল নথিপত্র ও ফাইল প্রস্তুত করে তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করার কথা রয়েছে।
সাক্ষাৎকার শেষে সম্মিলিত সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের সকল প্রাথমিক প্রধান শিক্ষকের কাছে দোয়া ও সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।







