নিজস্ব প্রতিবেদক: দেশের বিমান চলাচল ও পর্যটন খাত নিয়ে পেশাদার সাংবাদিকতা আরও সমৃদ্ধ করতে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবিতে শুরু হয়েছে বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-বাটজার আয়োজনে ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’-এর প্রথম দিনের কর্মশালা মঙ্গলবার সফলভাবে সম্পন্ন হয়েছে।
পিআইবির প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত এ কর্মশালায় দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। প্রশিক্ষণের উদ্দেশ্য হলো বিমান চলাচল, নিরাপত্তা, নীতি-নিয়ন্ত্রণ এবং পর্যটন খাতের জটিল বিষয়গুলোকে সাধারণ পাঠকের কাছে সহজ ও বোধগম্য ভাষায় তুলে ধরার দক্ষতা বৃদ্ধি করা।
প্রথম দিনের সেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মো. নূর-ই-আলম। বিমান চলাচল খাতের দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, কারিগরি জ্ঞান এবং নীতি-বিশ্লেষণ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাস্তবভিত্তিক দিকনির্দেশনা।
তার সাবলীল উপস্থাপনা, ঘটনাভিত্তিক উদাহরণ এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুরো কর্মশালা হয়ে ওঠে জ্ঞানসমৃদ্ধ ও ফলপ্রসূ। অংশগ্রহণকারীরা বিমান দুর্ঘটনা কাভারেজ, এভিয়েশন আইন, আন্তর্জাতিক সংস্থা ICAO ও IATA-এর ভূমিকা এবং পর্যটন-সাংবাদিকতার চ্যালেঞ্জ নিয়ে সরাসরি আলোচনা করার সুযোগ পান।
কর্মশালা শেষে বাটজার পক্ষ থেকে এয়ার কমোডর মো. নূর-ই-আলম স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আয়োজকরা বলেন, “স্যারের অভিজ্ঞতা ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রথম দিনকেই অর্থবহ করে তুলেছে। এ ধরনের প্রশিক্ষণ দেশের এভিয়েশন সাংবাদিকতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
বাটজা নেতারা জানান, কয়েক দিনব্যাপী এ প্রশিক্ষণে পর্যায়ক্রমে এভিয়েশন বিশেষজ্ঞ, এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পর্যটন বিশ্লেষকরা ক্লাস নেবেন। এর মাধ্যমে তরুণ সাংবাদিকরা কেবল সংবাদ সংগ্রহই নয়, তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জনগুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরার ক্ষেত্রেও দক্ষ হয়ে উঠবেন।
উল্লেখ্য, দেশের বিমান ও পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এ খাত নিয়ে সঠিক, দায়িত্বশীল ও বিশ্লেষণধর্মী সাংবাদিকতার চাহিদাও বাড়ছে। সে প্রেক্ষাপটে বাটজার এ উদ্যোগকে সাংবাদিক মহল স্বাগত জানিয়েছেন।




