, ,

নীলফামারীতে সরকারি নির্ধারিত মজুরির দাবিতে খাদ্য গুদাম শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি

নিউজটি শেয়ার করুন

নীলফামারী সদর উপজেলা এলএসডি (খাদ্য গুদাম)-এর শ্রমিকরা সরকারি নির্ধারিত মজুরি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপি প্রদান করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে শতাধিক শ্রমিকের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে খাদ্য গুদামে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি থেকে বঞ্চিত থাকায় পরিবার-পরিজন নিয়ে তাদের চরম মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এই বয়সে এসে অন্য কোনো পেশায় যাওয়ারও সুযোগ তাদের নেই।
তারা আরও অভিযোগ করেন, সদরের খাদ্য গুদামের ঠিকাদার সরকারি নির্ধারিত মজুরি প্রদানে নানা টালবাহানা করছেন। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা ও মজুরি দাবি করলে উল্টো বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
মানববন্ধন শেষে আন্দোলনরত শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত তাসনীম আওনের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। শ্রমিকরা দ্রুত তাদের সরকারি নির্ধারিত ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান।