জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে ব্রহ্মপুত্র নদের উপর নির্মাণাধীন সেতু প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) সকালে ‘নান্দিনা-জিসি-লছমনপুর আরএইচডি ভায়া লক্ষীরচর ইউপি সড়কে চেইনেজে ৬০৬.০০ মিটার ব্রিজ নির্মাণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণ করা ১.৭৭ একর জমিতে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব তানভীর হায়দার এবং জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সেতু নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে অধিগ্রহণকৃত জমি দখলমুক্ত করা জরুরি ছিল। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয়দের মতে, সেতুটি নির্মিত হলে নান্দিনা ও আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং জনদুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।





