, ,

নরসিংদীতে গ্যাস না পেয়ে চালকদের ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ, স্থবির জনজীবন, ভোগান্তিতে পরিবহন খাত

নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে তীব্র গ্যাস সংকটে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহন খাতে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না পরিবহন চালক ও মালিকরা। টানা কয়েকদিন ধরে চলমান এই দুর্ভোগে সংশ্লিষ্টদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। জানা গেছে, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে রাজধানী ঢাকা ও নরসিংদীসহ আশপাশের কয়েকটি জেলায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা জ্বলছে না। অন্যদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে হতাশ হয়ে ফিরছেন চালকরা। মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। সম্পূর্ণ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়লে পরিবহন চালকরা শিবপুরের কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে শ্রমিকদের আশ্বস্ত করলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। পরিবহন চালক ও মালিকরা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও গ্যাস না পাওয়ায় তাদের আয় কমে গেছে এবং দৈনন্দিন জীবনযাপন ব্যাহত হচ্ছে। দ্রুত এ সংকট নিরসনের দাবি জানিয়েছেন তারা। গ্যাস সংকটের কারণে শিল্প-কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটবে না। কারারচর এলাকার এপেক্স ফিলিং স্টেশনের ম্যানেজার সৈয়দ ইকবাল হোসেন বলেন, “গ্যাসের চাপ খুবই কম। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।” সমস্যার কথা স্বীকার করে নরসিংদী জেলার শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম জানান, “মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের কাজ চলছে। আশা করছি, শিগগিরই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।” তবে ভুক্তভোগীরা বলছেন, শুধু আশ্বাস নয়—দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এলএনজি টার্মিনালের ত্রুটি নিরসনের মাধ্যমে গ্যাস সংকটের স্থায়ী সমাধান করতে হবে।
##
মোঃজামান মোল্লা
নরসিংদী প্রতিনিধি।