নতুন প্রজন্মের কাছে দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন কবিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবি ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। তিনি বলেছেন, লোকসংস্কৃতি ও কবিগান বাঙালির নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালামের নারায়ণগঞ্জ বাসভবনে তাঁর সঙ্গে এক সৌজন্য ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীর নেতৃত্বে কবিয়াল ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল এ সভায় অংশ নেয়।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কবিয়াল ফাউন্ডেশনের গভর্নর কবি বাপ্পি সাহা এবং কবি ফরিদা ইয়াছমিন সুমনা প্রমুখ।
সভায় কবিয়াল ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম, লোকসংস্কৃতির বিকাশ, কবিগানের পুনর্জাগরণ, সাহিত্য-সংস্কৃতির প্রসার এবং বাঙালির ঐতিহ্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় কবি মু. নজরুল ইসলাম তামিজী কবিগানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তোলা এবং লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।







