, ,

শহীদ ডা. মিলনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ’৯০-এর গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা

নিউজটি শেয়ার করুন

 

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ’৯০-এর স্বৈরাচারবিরোধী ছাত্র গণঅভ্যুত্থানের সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দ।

 

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকালে শহীদ ডা. মিলনের সমাধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

১৯৯০ সালের ২৭ নভেম্বর তৎকালীন এরশাদ সরকারের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে চলমান ছাত্র গণঅভ্যুত্থানের সময় টিএসসির সামনের সড়কে স্বৈরাচারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। তিনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ছিলেন।

 

স্বৈরাচারবিরোধী একদফা আন্দোলনে আট দল, সাত দল, পাঁচ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃত্বে গড়ে ওঠা গণআন্দোলনে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ডা. মিলন।

 

ঘটনার দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ থেকে রিকশাযোগে পিজি হাসপাতালের উদ্দেশে একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৎকালীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সন্ত্রাসীদের গুলিতে ডা. মিলন ঘটনাস্থলেই নিহত হন। তবে প্রাণে বেঁচে যান ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

 

ডা. মিলনের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে। তাঁর হত্যাকাণ্ডের পর দেশজুড়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে। জরুরি আইন উপেক্ষা করে ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ইস্পাতকঠিন ঐক্য নিয়ে রাজপথে আন্দোলন অব্যাহত রাখেন। অবশেষে ১৯৯০ সালের ৪ ডিসেম্বর গণআন্দোলনের মুখে এরশাদ পদত্যাগের ঘোষণা দেন।

 

পরবর্তী সময়ে আট দল, সাত দল, পাঁচ দলীয় জোট এবং সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের সুপারিশে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে গ্রহণ করা হয় এবং তাঁর কাছে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়।

 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বজলুর রশিদ ফিরোজ, রাজু আহমেদ, জাহিদ ইকবাল খান, রাজেকুজ্জামান রতন, সাজ্জাদ জহির চন্দন, কাফি রতন, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন এবং সৈয়দ হারুন-অর-রশীদ।

 

টিএসসিতে অবস্থিত ডা. মিলন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে বক্তব্য দেন বজলুর রশিদ ফিরোজ। তিনি বলেন, যে লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য ডা. শামসুল আলম খান মিলন আত্মত্যাগ করেছিলেন, সেই গণতন্ত্র আজও বাংলাদেশে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে সব গণতান্ত্রিক সংগঠন ও জনগণকে দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে দেশে গণতান্ত্রিক মূল্যবোধ, মানুষের অধিকার ও জনগণের শাসন নিশ্চিত করতে হবে।