নগর উন্নয়নে আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ, কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং Sewage Treatment Plant (STP) বাস্তবায়নের মাধ্যমে পরিবেশসম্মত ও টেকসই নগরায়ণ নিশ্চিত করার লক্ষ্যেরাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সভাকক্ষে একটি গুরুত্বপূর্ণ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউক-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর, এমপি। এছাড়াও ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী, রিহ্যাব-এর সভাপতি, গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা সোসাইটির সভাপতিগণসহ রাজউক এর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও অংশীজনবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান মহোদয় বলেন, দ্রুত নগরায়ণের প্রেক্ষাপটে পরিবেশসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ প্রেক্ষাপটে ইমারত নির্মাণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী ভবনে STP স্থাপন অত্যাবশ্যক এবং এর কোনো কার্যকর বিকল্প নেই। তিনি উল্লেখ করেন যে, STP বাস্তবায়নকে ঘিরে সাধারণভাবে তিনটি বিষয় নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন বিদ্যমান—প্রয়োজনীয় জায়গার পরিমাণ, স্থাপন ব্যয় এবং বিদ্যমান ভবনে STP স্থাপনের সম্ভাব্যতা। এসব বিষয়ে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিগত ধারণা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এই প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও প্রযুক্তি উপস্থাপনের সুযোগ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, রাজউক ভবিষ্যতে এ বিষয়ে তদারকি জোরদার করার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করবে।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ‘Reuse, Renew, Recycle’ নীতির ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে STP স্থাপন, অপরিহার্য হয়ে উঠেছে। তিনি বলেন, এটি কেবল জলাশয় সংরক্ষণ বা দূষণ নিয়ন্ত্রণের বিষয় নয়; বরং একটি পরিবেশবান্ধব, আধুনিক ও টেকসই নগর গড়ে তোলার মৌলিক উপাদান। তিনি আরও উল্লেখ করেন যে, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত মানদণ্ড অনুসরণপূর্বক STP স্থাপন ও পরিচালনা নিশ্চিত করতে হবে এবং এ লক্ষ্যে সরকারি সংস্থা, নির্মাতা প্রতিষ্ঠান, প্রকৌশলী ও ভবন মালিকসহ সকল সংশ্লিষ্ট পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রেজেন্টেশনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার কৌশল, STP প্রযুক্তির কার্যপদ্ধতি, স্থাপন প্রক্রিয়া, ব্যয় কাঠামো, স্থান প্রয়োজনীয়তা এবং পরিবেশ দূষণ রোধে এর কার্যকারিতা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা প্রদান করে। একইসঙ্গে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং বাস্তবায়নসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রেজেন্টেশনে Innovations Ltd., Daiki Axis Bangladesh, Acumen Engineering Ltd., Ellipse Engineering & Construction Ltd. এবং Pivot Engineering Ltd. তাদের নিজ নিজ প্রযুক্তিগত সক্ষমতা, অভিজ্ঞতা এবং STP-এর বিভিন্ন আধুনিক সমাধান উপস্থাপন করে।
সভায় বক্তাগণ নগর উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং STP বাস্তবায়নের মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।







