রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে গলা কেটে ও খণ্ড-বিখণ্ড করে হত্যার আলোচিত মামলায় মূল আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (৭ জুন, ২০২৬) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
নৃশংস এই ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণার মাধ্যমে দেশের বিচার বিভাগের ইতিহাসে এটি দ্রুততম সময়ে বিচার সম্পন্নের একটি নজিরবিহীন আইনি মাইলফলক হিসেবে স্থান করে নিল।
মৃত্যুদণ্ডের পাশাপাশি লাখ টাকা অর্থদণ্ড
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। ফাঁসির আদেশের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীরা পাবেন।
আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা
আজ সকাল থেকেই রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সকাল সাড়ে ৮টার দিকে প্রথমে স্বপ্নাক এবং ৮টা ৫০ মিনিটে প্রিজন ভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে কড়া পাহারায় আদালতে আনা হয়। বেলা ১১টার পর বিচারক এজলাসে রায় পড়া শুরু করেন।
যে পৈশাচিক ঘটনা ঘটেছিল
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ১৯ মে সকালে পল্লবীতে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তার ঘর থেকে বের হলে তাকে কৌশলে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেয় প্রতিবেশী ভাড়াটিয়া স্বপ্না। এরপর স্বপ্নার স্বামী সোহেল রানা শিশুটির মুখ ওড়না দিয়ে শক্ত করে বেঁধে পাশবিক নির্যাতন (ধর্ষণ) চালায় এবং পরবর্তীতে প্রমাণ লোপাট ও লাশ গুমের উদ্দেশ্যে অত্যন্ত নির্মমভাবে গলা কেটে হত্যা করে।
খোঁজাখুঁজির একপর্যায়ে রামিসার মা সোহেল রানার দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে খাটের নিচে রামিসার মস্তকবিহীন দেহ এবং একটি পানির বালতির ভেতর থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয়। ঘটনার দিনই পুলিশ স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ফতুল্লা থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।
রেকর্ড ১৬ দিনে বিচারিক প্রক্রিয়া
পৈশাচিক এই হত্যাকাণ্ডের পর ২০ মে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। ঘটনার মাত্র ৪ দিনের মাথায় (২৪ মে) মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২ জুন মাত্র ১ দিনেই ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করেন আদালত। ৩ জুন আত্মপক্ষ সমর্থন এবং ৪ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আজ ৭ জুন রায়ের দিন ধার্য করেছিলেন আদালত।
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রামিসার শোকাতুর পরিবার আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে এবং দ্রুততম সময়ে এই রায় কার্যকর করার দাবি জানিয়েছে।




