, ,

দীর্ঘ একযুগ পর ন্যায়বিচার: মিন্টু হত্যায় ২ জনের ফাঁসি, যাবজ্জীবন ১০ জনের

নিউজটি শেয়ার করুন

​দীর্ঘ ১২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় চাঞ্চল্যকর রায় ঘোষণা করেছেন আদালত।

জমি নিয়ে বিরোধের জেরে নির্মমভাবে হত্যার দায়ে ২ জনকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারপতি ফারহানা ফেরদৌস আদালত প্রাঙ্গনে এই রায় প্রদান করেন।

​আদালত সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গী নছর ভিটা গ্রামের বাসিন্দা মো. ফরিদ খলিফা (৪৮) ও মো. মাসুদ মিয়া (৪১)। রায়ের সময় মাসুদ মিয়া পলাতক রয়েছেন। আদালত তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করেও জরিমানা করেছেন। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ১০ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—আব্দুছ ছামাদ ওরফে ছমেদ আলী (৬৮) ও তার ছেলে আব্দুল মতিন (৪৫), মো. মোসাররফ হোসেন মোসা (৫৮), মো. মোখলেছুর রহমান (৫৩), মো. মোফাজ্জল হোসেন মোসা (৫৮), মো. তোফাজ্জল হোসেন তোফা (৪৮), মো. নাজমুল মিয়া (বয়স উল্লেখ নেই), মো. শাহজাহান আকন্দ (৪৮), মো. আতিকুল (৩৯) এবং মো. সিদ্দিক মিয়া (৬৩)। এদের মধ্যে মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

​ঘটনার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৪ আগস্ট সকালে জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে নারাঙ্গী নছর ভিটা গ্রামের মিন্টুকে দা, কোড়াল, ছোরা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘিরে ফেলেন আসামিরা। জীবন বাঁচাতে মিন্টু পালানোর চেষ্টা করলে ঘাতকরা তাকে ঘিরে ফেলে এলোপাথাড়ি কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের আইনি যুক্তিতর্ক পর্যালোচনার পর আদালত এই রায় ঘোষণা করেন।

​রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন এ রায় সম্পর্কে বলেন, দীর্ঘদিন পার হলেও আদালতের এই ঐতিহাসিক রায় ন্যায়বিচার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমাজে অপরাধীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আকরাম হোসেন এবং বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রাসেদা তাহমিনা প্রীতি।