, ,

জামালপুর ডায়বেটিক হাসপাতালে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে মানববন্ধন-

নিউজটি শেয়ার করুন

জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে হাসপাতালের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার সকাল ১১টায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে রোগী, রোগীর স্বজন ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনার পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, হাসপাতালের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে গঠনতন্ত্র পরিবর্তন ও কাটছাঁট করে পদে বহাল থেকে হাসপাতালের কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।

তাদের অভিযোগ, এর ফলে হাসপাতালের স্বাভাবিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অনিয়মের সুযোগ তৈরি হয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, একটি জনকল্যাণমূলক চিকিৎসা প্রতিষ্ঠানে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা বা রোগী হয়রানি গ্রহণযোগ্য নয়। দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।মানববন্ধনে আবু সাদাত উল-সায়েম, মোতালেব হোসেন, মনিরুজ্জামান মনির, আলতাব হোসেন, ফারুক হোসেন ও কামাল হোসেন বক্তব্য রাখেন।