, ,

মাদক কারবারিদের হামলায় জয়দেবপুরে ২ পুলিশ সদস্য রক্তাক্ত, রাতেই ৩ হামলাকারী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ইয়াবাসহ এক নারী ও এক তরুণকে আটক করা হয়েছিল। হামলায় রেলওয়ে পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে মাদকসহ মোসা. সিমলা (২২) ও মো. আনিসকে (১৮) আটক করে রেল পুলিশ। পরে তাঁদের পুলিশ ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে রাখা হয়।
পুলিশ জানায়, আটকের কিছুক্ষণ পরই ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ মাদক কারবারি দল দেশীয় ধারালো অস্ত্র ও রামদা নিয়ে ফাঁড়িতে অতর্কিত হামলা চালায়। তারা কক্ষের দরজা ভেঙে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে হামলাকারীদের কোপে ও আঘাতে ফাঁড়ির টিএসআই নুরুল ইসলাম এবং কনস্টেবল আশিকুর রহমান গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের তীব্র প্রতিরোধের মুখে হামলাকারীরা আসামি ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এরপরই রাতেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হামলার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— শুভ আহমেদ (২০), মো. ইয়াছিন (২৬) এবং ছানোয়ার হোসেন হৃদয় (২৩)।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ জানান, এ ঘটনায় মাদক উদ্ধার এবং পুলিশের ওপর হামলার অপরাধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।