আক্কেলপুরে ধানখেত থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার মরদেহ দেখতে ভিড় করছেন স্থানীয়রা। জয়পুরহাটের আক্কেলপুরে তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিকেলে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের কারণ এখনও জানতে পারেনি পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, আক্কেলপুরের তিলকপুর নওজোর মাটাগরি গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়ে একটি খেতে মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাত ওই ব্যক্তির হাত দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি অন্যান্য কৃষকদের জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, স্থানীয় কৃষকদের থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অনেকটা পচে গিয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্নের মতো বোঝা যাচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহটির পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজছে পুলিশ। বিকেল ৪টা পর্যন্ত মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।







