, ,

চলচ্চিত্রকর্মীদের অধিকার নিয়ে কাজ করবেন জীবন শাহাদাৎ

নিউজটি শেয়ার করুন

চলচ্চিত্রকর্মীদের অধিকার নিয়ে কাজ করবেন জীবন শাহাদাৎ এই অঙ্গীকার কে সামনে রেখেই এই তরুণ চলচ্চিত্রকর্মীর পথ চলা।

নিজেকে চলচ্চিত্র পরিচালক নয় একজন চলচ্চিত্রকর্মী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তরুণ উদ্যোমী নির্মাতা।চলচ্চিত্রকর্মীদের অধিকার আদায় এবং কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে নতুন দায়িত্বে কাজ শুরু করছেন চলচ্চিত্র নির্মাতা ও সংগঠক জীবন শাহাদাৎ। বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশনের (বিএফএসএফ) যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আরও সংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে নবগঠিত হয়েছে বাংলাদেশ ফিল্ম সোসাইটিজ ফেডারেশন। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নতুন দায়িত্ব প্রসঙ্গে জীবন শাহাদাৎ বলেন, “স্বাধীন চলচ্চিত্রকর্মীদের অধিকার আদায় ও কাজের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সহযোগিতা নিয়ে সবাই মিলে একসঙ্গে কাজ করতে চাই। আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
সভায় ঢাকা ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমনকে সভাপতি এবং বাংলাদেশ চলচ্চিত্র কল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম ভূঁইয়া (সায়মন তারিক)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন কুমিল্লা ফিল্ম ক্লাবের মোহাম্মদ দেলোয়ার হোসেন ও কুষ্টিয়া ফিল্ম ক্লাবের মোহাম্মদ জাহাঙ্গীর। অর্থ সম্পাদক ঢাকা ফিল্ম সোসাইটির মির্জা সাখাওয়াৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক কক্সবাজার ফিল্ম ক্লাবের মোহাম্মদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিংকএশিয়া ফিল্ম সোসাইটির মো. মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক চিলড্রেন ফিল্ম ক্লাবের জেসমিন আক্তার নদী।
নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন রাজবাড়ী ফিল্ম সোসাইটির মো. মনিরুজ্জামান, বাংলা কলেজ ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটির মো. রোকনুজ্জামান, বাংলাদেশ চলচ্চিত্র সংসদের কাজী সাইমুল হক, বরেন্দ্র ফিল্ম সোসাইটির সুলতানুল ইসলাম টিপু, রেডরোজ ফিল্ম ক্লাবের ব্যারিস্টার আইয়ান গাফ্ফার খান এবং সেলুলয়েড ফিল্ম ক্লাবের মো. মইনুল ইসলাম।
সভায় নেতৃবৃন্দ জানান, দেশের বিভিন্ন প্রান্তে থাকা চলচ্চিত্র সংসদ ও চলচ্চিত্রভিত্তিক সংগঠনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলাই ফেডারেশনের অন্যতম লক্ষ্য। চলচ্চিত্র সংসদভিত্তিক সুস্থ ও সৃজনশীল সংস্কৃতিচর্চার প্রসার এবং চলচ্চিত্রকর্মীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সম্মিলিতভাবে কাজ করবে ফেডারেশন।
সভায় বিভিন্ন চলচ্চিত্র সংসদের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।