দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রী শাহনাজ আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে। দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ গতকাল দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়-১ এ মামলা দুটি দায়ের করার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জিয়াউল হক সুমন তার দাখিল করা সম্পদ বিবরণীতে যে হিসাব দিয়েছেন তাতে তদন্তে তিনি প্রায় ৯৯ লাখ ১ হাজার ৩২৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন এছাড়া সুমনের গ্রহণযোগ্য যে আয় ছিল তা তার ঘোষিত আয়ের সাথে মিলছে না তাই এ ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হয়েছে বলে দুদক উপপরিচালক জানান।একই দিনে দায়ের করা আরেকটি মামলায় সুমনের স্ত্রী শাহনাজ আক্তারকে প্রধান আসামি করা হয়েছে। এ মামলায় জিয়াউল হক সুমনকে সহযোগিতার অভিযোগে দ্বিতীয় আসামি হিসেবে রাখা হয়েছে।মামলা দুটি বাদী হয়ে দুদকের উপসহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব দায়ের করেন। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেটিও আমলে নেওয়া হবে বলে মামলার এজাহারে বলা হয়েছে।







