সাগর হাসান: চট্টগ্রাম বন একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সরকারি চাকরি জীবনের বিভিন্ন সময়ে প্রভাব খাটিয়ে তিনি নিজে ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন।
একাধিক সূত্রের দাবি, ঢাকার উত্তরা ও উত্তরখান মৌজায় তাঁর নামে চারটি স্থানে মোট প্রায় ২০ শতাংশ জমি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য পাঁচ কোটি টাকারও বেশি। এছাড়া উত্তরার দিয়াবাড়ি এলাকায় তাঁর নামে প্রায় ১ হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা বলে অভিযোগ রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট ভূমি অফিসের একটি অনলাইন মিউটেশন খতিয়ানেও মো. আমিনুল ইসলামের নামে একটি আবাসিক ফ্ল্যাটের রেকর্ড পাওয়া যায়। খতিয়ান অনুযায়ী, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কলাবতী-০২ ভবনের ১৪তম তলায় ১৩০৬ নম্বর ফ্ল্যাট এবং বি-১৩০৬ নম্বর কার পার্কিংসহ মোট ১ হাজার ৬৫৪ বর্গফুট আয়তনের ওই সম্পত্তির মালিক হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত রয়েছে। নথিতে উল্লেখ করা হয়েছে, সম্পত্তিটি ২০২৩ সালের ২৭ নভেম্বর নিবন্ধিত দলিলের ভিত্তিতে রেকর্ডভুক্ত হয়েছে এবং এটি আবাসিক হিসেবে শ্রেণিভুক্ত। খতিয়ানটি ২০২৫ সালের ১৭ মার্চ সহকারী কমিশনার (ভূমি), মিরপুর রাজস্ব সার্কেল কর্তৃক অনুমোদিত হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাঁর স্ত্রী তাহমিনা আক্তারের নামেও প্রায় ২০ শতাংশ জমি এবং তিনটি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি তাঁর স্ত্রীর বড় ভাই নূরে আজম ভূঁইয়ার নামেও বিপুল পরিমাণ সম্পদ থাকার দাবি করেছেন অভিযোগকারীরা। কিশোরগঞ্জ শহরে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির মালিকানার অভিযোগও রয়েছে।
এদিকে সংশ্লিষ্ট একটি নামজারি খতিয়ান পর্যালোচনায় দেখা যায়, ঢাকা জেলার ক্যান্টনমেন্ট উপজেলার উত্তরখান মৌজার নামজারি খতিয়ান নং-২৯০০০-এ তাহমিনা আক্তার ও মোহাম্মদ নূরে আজম ভূঁইয়ার নাম সহ-মালিক হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। একই খতিয়ানে মোহাম্মদ খায়রুল ইসলামের নামও রয়েছে। নথি অনুযায়ী, মোট ০.০৬৬০ একর জমির মালিকানায় তাহমিনা আক্তার ও নূরে আজম ভূঁইয়ার প্রত্যেকের অংশ ০.৩৩৩ এবং অপর সহ-মালিকের অংশ ০.৩৩৪ হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হিসেবে দায়িত্ব পালনকালে মো. আমিনুল ইসলাম বন বিভাগের বিধি-বিধানের ব্যত্যয় ঘটিয়ে অবৈধ লাইসেন্স ব্যবহার করে বিভিন্ন ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করেন। অভিযোগ রয়েছে, তাঁর শ্যালক নূরে আজম ভূঁইয়া পরিচালিত দিবা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন বিভাগের বিভিন্ন প্রকল্পে ঠিকাদারি বাণিজ্য পরিচালিত হয়েছে। অভিযোগকারীদের দাবি, ক্ষমতা ও প্রভাবের অপব্যবহারের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করে সরকারি কাজে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
এছাড়া রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব ব্যবহার করে বন বিভাগের গুরুত্বপূর্ণ পদায়ন, বদলি এবং প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
সূত্রগুলো জানায়, চাকরি জীবনে বান্দরবান, বাগেরহাট, বগুড়া, ঢাকা-সহ বিভিন্ন জেলায় বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে কতটুকু তদন্ত বা ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য পর্যালোচনা করে অভিযোগকারীদের দাবি, উত্তরার দিয়াবাড়ির ফ্ল্যাটসহ কয়েকটি সম্পদের তথ্য এবং তাঁর স্ত্রীর নামে থাকা কিছু জমির তথ্য তাঁর আয়কর নথিতে উল্লেখ করা হয়নি। তাদের ভাষ্য, জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের পরিমাণেরও অসামঞ্জস্য রয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে সুশাসন ও স্বচ্ছতা নিয়ে কাজ করা বিভিন্ন মহল অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহি ও জনআস্থা আরও সুদৃঢ় হবে।
এ ব্যাপারে অভিযুক্ত চট্টগ্রাম বন একাডেমির পরিচালক মো. আমিনুল ইসলাম কে একাধিকবার ফোনদিলে তিনি রিসিভ করেননি ও খুদে বার্তা পাঠালে তিনি কোন জবাব দেননি।






